Google search engine
HomePoliticsস্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসরায়েলকে অনুমোদন দিয়েছেন— দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইসরায়েলকে অনুমোদন দিয়েছেন— দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি প্রচার করা হয়েছে যে, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েলকে অনুমোদন দিয়েছেন। এ দাবিকে কেন্দ্র করে বিভিন্ন পোস্টে বলা হচ্ছে, সরকারের সিদ্ধান্তে বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েলে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।

অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবির কোনো সত্যতা নেই। বরং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশি পাসপোর্টে পুনরায় ‘Except Israel’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন, যা ইসরায়েলে ভ্রমণের অনুমতি নয়; বরং ইসরায়েলকে ভ্রমণের আওতার বাইরে রাখার নির্দেশনা।

বিষয়টি নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদ ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য পর্যালোচনায় দেখা যায়, তিনি জানান ভবিষ্যতে ইস্যুকৃত পাসপোর্টে আগের মতোই ‘Except Israel’ শব্দবন্ধ পুনর্বহাল করা হবে। তার ভাষ্য অনুযায়ী, এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত এবং বাংলাদেশের জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

মূলত ‘Except Israel’ শব্দবন্ধের অর্থ ‘ইসরায়েল ছাড়া’। তবে ‘Except’ শব্দটির অর্থ সম্পর্কে ভুল বোঝাবুঝির কারণে কেউ কেউ এটিকে ইসরায়েলের প্রতি অনুমোদন বা স্বীকৃতি হিসেবে ব্যাখ্যা করছেন, যা ভাষাগতভাবে ভুল এবং বিভ্রান্তিকর।

এছাড়া, আলোচিত দাবির পক্ষে এমন কোনো সরকারি প্রজ্ঞাপন, নীতিগত ঘোষণা বা নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি, যা থেকে বোঝা যায় বাংলাদেশ সরকার ইসরায়েল ভ্রমণের ওপর বিদ্যমান সীমাবদ্ধতা প্রত্যাহার করেছে।

সুতরাং, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাংলাদেশি পাসপোর্টে ইসরায়েলকে অনুমোদন দিয়েছেন—এমন দাবিটি মিথ্যা। প্রকৃতপক্ষে, তিনি পাসপোর্টে পুনরায় ‘Except Israel’ বা ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular