Google search engine
HomeOthersমেট্রোরেলের পিলারের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি বিভ্রান্তিকর

মেট্রোরেলের পিলারের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি বিভ্রান্তিকর

সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—মেট্রোরেলের পিলারের নিচ থেকে অনুমোদন ছাড়া মাটি কেটে নেওয়া হচ্ছে। পদ্মা রেলসংযোগ সেতুর পিলারসংলগ্ন মাটি কাটার ঘটনাকে সামনে এনে ছবিটির মাধ্যমে মেট্রোরেলের নিরাপত্তা নিয়েও উদ্বেগ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে।

তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সত্য নয়। প্রচারিত ছবিটির সঙ্গে কোনো অবৈধ মাটি কাটা বা মেট্রোরেলের নিরাপত্তা ঝুঁকির সম্পর্ক নেই।

যাচাই করে নিশ্চিত হওয়া যায়, ছবিটি ঢাকার কমলাপুর এলাকার নির্মাণাধীন মেট্রোরেল স্টেশনের। সেখানে চলমান প্রকল্পের অংশ হিসেবে ‘পোর্টাল পিয়ার’-এর নিচে ‘গ্রেড বিম’ নির্মাণের জন্য প্রকৌশলগত প্রয়োজনেই মাটি অপসারণ করা হয়েছে।

বিষয়টি নিয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)-এর সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এটি মেট্রোরেল সম্প্রসারণ প্রকল্পের নিয়মিত নির্মাণকাজের অংশ। একই ধরনের আরও বহু গ্রেড বিম ইতোমধ্যে নির্মাণ করা হয়েছে এবং পুরো কার্যক্রম প্রকল্পের অনুমোদিত নকশা ও প্রকৌশল পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হচ্ছে।

এছাড়া, কমলাপুর মেট্রোরেল স্টেশনের সম্প্রসারণ কাজ বর্তমানে চলমান রয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবেই সংশ্লিষ্ট এলাকায় খননকাজ পরিচালিত হচ্ছে। কোনো নির্ভরযোগ্য সূত্রে অবৈধভাবে মাটি কাটা বা মেট্রোরেলের পিলারের স্থায়িত্ব ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বিশ্লেষণে প্রতীয়মান হয়, নির্মাণাধীন মেট্রোরেলের একটি স্বাভাবিক প্রকৌশলগত কার্যক্রমের ছবি ব্যবহার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং অবকাঠামো প্রকল্প সম্পর্কে ভুল ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।

সুতরাং, মেট্রোরেলের পিলারের নিচ থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ার দাবিতে প্রচারিত ছবিটি বিভ্রান্তিকর। ছবিটি প্রকৃতপক্ষে কমলাপুর মেট্রোরেল প্রকল্পের বৈধ নির্মাণকাজের অংশ হিসেবে পরিচালিত খনন কার্যক্রমের দৃশ্য।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular