সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে—প্রধানমন্ত্রী তারেক রহমানের পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি উপদেষ্টা ড. জাহেদ উর রহমান বলেছেন, “শূকরের মাংস আমদানি করে কাউকে তো জোর করে খাওয়ানো হবেনা। যারা খায় তারা কিনে খাবে। বাকিদের এতে সমস্যা কোথায়?”
তবে বিস্তারিত অনুসন্ধানে এ দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি। নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম, সরকারি সূত্র কিংবা ড. জাহেদ উর রহমানের অফিসিয়াল যোগাযোগমাধ্যমে এমন কোনো বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি।
অনুসন্ধানে আরও জানা যায়, আলোচিত ফটোকার্ডটির সূত্রপাত “Daily Mollar Desh” নামের একটি ফেসবুক পেজ থেকে। পেজটির ধরন বিশ্লেষণে দেখা যায়, এটি নিজেকে “স্যাটায়ার ও প্যারোডি” বা ব্যঙ্গাত্মক কনটেন্টভিত্তিক পেজ হিসেবে পরিচয় দিয়েছে। অর্থাৎ, ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে তৈরি একটি পোস্টকে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
এছাড়া, ড. জাহেদ উর রহমানের ফেসবুক প্রোফাইল ও সংশ্লিষ্ট সূত্র পর্যালোচনা করেও এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। বিশ্লেষণে প্রতীয়মান হয়, যাচাইকৃত তথ্য ছাড়া একটি স্যাটায়ার পোস্টকে ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
সুতরাং, শূকরের মাংস আমদানি প্রসঙ্গে ড. জাহেদ উর রহমানের নামে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও বিভ্রান্তিকর।

