সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি একটি স্ক্রিনশট ছড়িয়ে দাবি করা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবদুল্যা আল মাহমুদ তার ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাইমা রহমান-কে জড়িয়ে আপত্তিকর ছবি পোস্ট করেছেন। স্ক্রিনশটটি এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেন এটি তার ব্যক্তিগত আইডি থেকে দেওয়া একটি আসল পোস্ট।
তবে যাচাই-বাছাইয়ে দেখা যায়, আলোচিত দাবিটি সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ছবিটি তৈরি করা হয়। পরবর্তীতে সেই পোস্টের স্ক্রিনশট সংগ্রহ করে সেটিকে ডিজিটালি এডিট করে ভিন্ন পরিচয়ে প্রচার করা হয়।
স্ক্রিনশট বিশ্লেষণে দেখা যায়, কেবল প্রোফাইলের নাম ও ছবি পরিবর্তন করে সেটিকে আবদুল্যা আল মাহমুদ-এর নামে বসানো হয়েছে।
এছাড়া অনুসন্ধানে দেখা যায়, আওয়ামী লীগপন্থী কয়েকটি এক্টিভিস্ট আইডি প্রথমদিকে এই এডিটেড স্ক্রিনশটটি ছড়িয়ে দেয়। পোস্টগুলোর ভাষা বিশ্লেষণে প্রতীয়মান হয়, এটি কেবল তথ্য প্রচার নয়; বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে উস্কানিমূলক কনটেন্ট ছড়িয়ে ছাত্ররাজনীতির ভেতরে বিভাজন ও উত্তেজনা তৈরির চেষ্টা করা হয়েছে।
অভিযোগের বিষয়ে আবদুল্যা আল মাহমুদ নিজেও স্পষ্টভাবে জানান, এটি তার নামে তৈরি একটি এডিটেড ও ভুয়া স্ক্রিনশট এবং তিনি এমন কোনো পোস্ট দেননি। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণার কারণে তাকে ব্যক্তিগতভাবে হুমকির মুখেও পড়তে হয়েছে।
সুতরাং, এআই দিয়ে তৈরি আপত্তিকর কনটেন্টের স্ক্রিনশট এডিট করে তা আবদুল্যা আল মাহমুদের নামে ছড়িয়ে দেওয়া হয়েছে—যা একটি পরিকল্পিত, বিকৃত এবং উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার।

