
সম্প্রতি সাবেক জামায়াত নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গ্রে`প্তা`র হয়েছেন দাবিতে একটি তথ্য সামাজিক যোগাযোগমাধ্যম এবং কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। দাবিটি দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই বিষয়টিকে সত্য হিসেবে প্রচার করতে থাকেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, গত ২৬ জুলাই দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রে`প্তা`র হন কার্যক্রম নি`ষি`দ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নন।
এ বিষয়ে মূলধারার একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, গ্রে`প্তা`র হওয়া ব্যক্তির পরিচয় ও ছবি গাজী নজরুল ইসলামের সঙ্গে মেলে না। একই তথ্য ও ছবি প্রকাশ করেছে দেশ রূপান্তর, ইত্তেফাক, আজকের পত্রিকাসহ একাধিক নির্ভরযোগ্য সংবাদমাধ্যম।
পাশাপাশি, গাজী নজরুল ইসলামের প্রকাশ্য ছবির সঙ্গে গ্রে`প্তা`র হওয়া ব্যক্তির চেহারা তুলনা করলেও তাদের মধ্যে কোনো মিল পাওয়া যায় না।
উল্লেখ্য, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে গ্রে`প্তা`র হওয়া ব্যক্তিকে সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য বলা হলেও অনুসন্ধানে জানা যায়, তিনি কখনোই সংসদ সদস্য নির্বাচিত হননি। বরং তিনি ২০১৭-২০২২ এবং ২০২২-২০২৪—দুই মেয়াদে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিষয়টি স্থানীয় গণমাধ্যমকর্মীরাও নিশ্চিত করেছেন।

