সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৭ ডিসেম্বর দেশে ফিরবেন এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। ভিডিওটিতে শেখ হাসিনা ও ডোনাল্ড ট্রাম্পকে একসঙ্গে দেখা যাওয়ায় সেটিকে সাম্প্রতিক কোনো বৈঠকের দৃশ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে।
ভিডিওটির উৎস ও দৃশ্যের সঙ্গে পুরোনো সংবাদপ্রতিবেদনের তুলনা করে দেখা যায়, এটি সাম্প্রতিক কোনো সাক্ষাৎ বা বৈঠকের ভিডিও নয়। বরং প্রায় ৯ বছর আগে জাতিসংঘের একটি উচ্চ পর্যায়ের সভা শেষে শেখ হাসিনা ও তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কুশল বিনিময়ের দৃশ্য ব্যবহার করে বর্তমান দাবিটি তৈরি করা হয়েছে।
২০১৭ সালের ১৯ সেপ্টেম্বর চ্যানেল২৪-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি প্রতিবেদনে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত জাতিসংঘ সংস্কার বিষয়ক উচ্চ পর্যায়ের সভা শেষে ট্রাম্প ও শেখ হাসিনার কুশল বিনিময়ের দৃশ্য দেখা যায়। প্রচারিত ভিডিওর দৃশ্যের সঙ্গে ওই প্রতিবেদনের দৃশ্যের মিল পাওয়া যায়। একই ঘটনার ভিডিও ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর ভারতীয় সংবাদমাধ্যম WION-এর প্রতিবেদনেও প্রকাশিত হয়েছিল।
অর্থাৎ, ভিডিওতে দেখা সাক্ষাতের ঘটনাটি ২০১৭ সালের এবং এর সঙ্গে শেখ হাসিনার কথিত ডিসেম্বরের দেশে ফেরার পরিকল্পনা বা এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলোচনার কোনো প্রমাণ পাওয়া যায় না। পুরোনো একটি সাক্ষাতের দৃশ্যকে বর্তমান সময়ের ঘটনা হিসেবে উপস্থাপন করেই নতুন দাবিটি তৈরি করা হয়েছে।
ফলে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনার প্রমাণ হিসেবে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক কোনো সাক্ষাতের নয়; এটি ২০১৭ সালের পুরোনো ভিডিও। তাই ভিডিওটির মাধ্যমে করা দাবিটি বিভ্রান্তিকর।

