সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু–এর ছবি সংযুক্ত একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “বিদ্যুতের দাম বাড়ানোর সাথে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ার কোন সম্পর্ক নেই। আসলে ভোক্তাদের বেশি বিদ্যুৎ ব্যবহার করার জন্য বিদ্যুৎ বিল বাড়ছে।” বিদ্যুতের মূল্য ও ভোক্তা ব্যয় নিয়ে সংবেদনশীল এই বক্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই এটিকে মন্ত্রীর প্রকৃত মন্তব্য হিসেবে প্রচার করতে থাকেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, ইকবাল হাসান মাহমুদ টুকু এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট পরবর্তীতে বাস্তব বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে এর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র পাওয়া যায়নি। এছাড়া প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও দেশের কোনো মূলধারার গণমাধ্যম, বিশ্বস্ত সংবাদসূত্র কিংবা সরকারি বিবৃতিতে এমন মন্তব্যের অস্তিত্ব মেলেনি। একই সঙ্গে মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজ পর্যালোচনা করেও আলোচিত বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি।
পরবর্তী অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ফটোকার্ডটির সূত্রপাত ‘দৈনিক মোল্লার দেশ’ নামের একটি ফেসবুক পেজ থেকে। পেজটি নিয়মিত ব্যঙ্গাত্মক ও স্যাটায়ারধর্মী কনটেন্ট প্রকাশ করে থাকে। ফলে স্পষ্ট হয়, আলোচিত পোস্টটিও মূলত ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে তৈরি হলেও পরবর্তীতে সেটিকে বাস্তব বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
সুতরাং, “বিদ্যুতের দাম বাড়ানোর সাথে বিদ্যুৎ বিল বৃদ্ধি পাওয়ার কোনো সম্পর্ক নেই। আসলে ভোক্তাদের বেশি বিদ্যুৎ ব্যবহার করার জন্য বিদ্যুৎ বিল বাড়ছে”—শীর্ষক মন্তব্যটি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু করেছেন বলে প্রচারিত দাবিটি সম্পূর্ণ ভুয়া, বানোয়াট এবং একটি স্যাটায়ার পোস্টকে সত্য দাবি করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

