Google search engine
HomePoliticsবাংলাদেশের সব ক্যাডেট কলেজে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন বলে সেনাপ্রধানের...

বাংলাদেশের সব ক্যাডেট কলেজে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন বলে সেনাপ্রধানের নামে প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের সব ক্যাডেট কলেজে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করার ঘোষণা দিয়েছেন। ভিডিওটিতে সেনাপ্রধানের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের ছবিও ব্যবহার করা হয়েছে।

তবে অনুসন্ধানে জানা যায়, বাংলাদেশের সব ক্যাডেট কলেজে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করার কোনো ঘোষণা দেননি সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। প্রকৃতপক্ষে, আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধনের একটি ছবি ব্যবহার করে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি তৈরি ও প্রচার করা হয়েছে।

অনুসন্ধানে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) ফেসবুক পেজে গত ৩ আগস্ট প্রকাশিত একটি পোস্ট পাওয়া যায়। পোস্টে সংযুক্ত ছবির সঙ্গে আলোচিত ভিডিওতে ব্যবহৃত ছবির মিল রয়েছে। আইএসপিআরের তথ্য অনুযায়ী, ওই দিন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (AIII), জলসিঁড়ি-এর শুভ উদ্বোধন করেন।

একই অনুষ্ঠানে তিনি ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা ও যশোরে প্রতিষ্ঠিতব্য আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তরও উন্মোচন করেন। তবে আইএসপিআরের প্রকাশিত তথ্য বা অনুষ্ঠানের বিবরণে দেশের সব ক্যাডেট কলেজে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করার কোনো ঘোষণা বা নির্দেশনার উল্লেখ পাওয়া যায়নি।

পাশাপাশি, সেনাপ্রধানের পক্ষ থেকে দেশের সব ক্যাডেট কলেজের পাঠ্যক্রমে কুরআন শিক্ষা বাধ্যতামূলক করার মতো গুরুত্বপূর্ণ কোনো ঘোষণা এলে তা গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে দেশীয় গণমাধ্যম ও অন্যান্য নির্ভরযোগ্য সূত্রে অনুসন্ধান করেও দাবিটির পক্ষে কোনো তথ্যপ্রমাণ পাওয়া যায়নি।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular