Google search engine
HomePoliticsবাংলাদেশের কথিত নারী প্রতিমন্ত্রীর হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানে গোসলের দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ...

বাংলাদেশের কথিত নারী প্রতিমন্ত্রীর হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানে গোসলের দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে যে, বাংলাদেশের এক নারী প্রতিমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানে গিয়ে গোসল করছেন। ভিডিওটিতে ওই নারীকে গেরুয়া পোশাক পরিহিত ব্যক্তিদের সাথে একটি জলাশয়ে গোসল করার পাশাপাশি প্রণাম ও সেজদা করতে দেখা যায়। তবে ভিডিওটির সঙ্গে প্রচারিত এই দাবি ও পরিচয় সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট।

ফ্যাক্ট রিভিউ-এর অনুসন্ধানে জানা যায়, ভিডিওতে দেখতে পাওয়া ওই নারী বাংলাদেশের কোনো প্রতিমন্ত্রী তো ননই, এমনকি তিনি বাংলাদেশি নাগরিকও নন। প্রকৃতপক্ষে তিনি কীর্তি পাটেল নামের একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটর। ভিডিওটি ভারতের গুজরাটের জুনাগড় জেলায় অবস্থিত গিরনার পর্বতের পাদদেশে হিন্দুদের ভবনাথ মহাদেব মন্দির প্রাঙ্গণের ‘মৃগী কুণ্ড’ নামের একটি পবিত্র জলাধারের। সনাতন ধর্মে এবং বিশেষ করে নাগা সাধুদের কাছে এই কুণ্ডের ঐতিহাসিক ও আধ্যাত্মিক গুরুত্ব অপরিসীম।

ভারতীয় অনলাইন নিউজ পোর্টাল ‘voiceofday.news‘-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং কীর্তি পাটেলের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলো পর্যালোচনা করে সেসময় তাঁর মৃগী কুণ্ড ভ্রমণের একাধিক ভিডিও পাওয়া যায়। ওই পবিত্র কুণ্ডে তাঁর গোসল করাকে কেন্দ্র করে ভারতে বেশ সমালোচনারও সৃষ্টি হয়েছিল, যা ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদ প্রতিবেদনে উঠে আসে।

অর্থাৎ, ভারতের গুজরাটে একজন ভারতীয় কনটেন্ট ক্রিয়েটরের তীর্থস্থানে স্নান বা গোসল করার একটি পুরোনো ভিডিওকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের নারী প্রতিমন্ত্রীর ভিডিও হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে।

সুতরাং, বাংলাদেশের কথিত নারী প্রতিমন্ত্রীর হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থানে গোসলের দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পূর্ণ ভুয়া ও ভিত্তিহীন।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular