সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য প্রচার করা হচ্ছে, যেখানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ ইসলামকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, “দেশে কোনো হাম নেই, হসপিটালের ফ্যাসিস্ট ডাক্তাররা ড. ইউনুসকে ফাঁসাতে পরিকল্পিত ভাবে শিশুদের মে/রে ফেলতেসে।”
অনুসন্ধানে দেখা যায়, নাহিদ ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, গণমাধ্যম প্রতিবেদন, ভিডিও বক্তব্য কিংবা যাচাইকৃত সামাজিক যোগাযোগমাধ্যম পোস্ট পাওয়া যায়নি। নাহিদ ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ ও অন্যান্য প্ল্যাটফর্ম পর্যবেক্ষণ করেও এ ধরনের বক্তব্যের কোনো অস্তিত্ব মেলেনি।
এছাড়া, দেশের স্বাস্থ্য পরিস্থিতি ও হাম সংক্রান্ত বিষয় নিয়ে সরকারি স্বাস্থ্য বিভাগ, হাসপাতাল কিংবা বিশ্বস্ত গণমাধ্যমে নিয়মিত তথ্য প্রকাশিত হলেও কোথাও চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্রমূলক অভিযোগ নাহিদ ইসলাম করেছেন বলে কোনো তথ্য পাওয়া যায়নি।
মূলত, কোনো প্রকার প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র ছাড়াই নাহিদ ইসলামের নামে উসকানিমূলক ও বিভ্রান্তিকর এই মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে।
সুতরাং, “দেশে কোনো হাম নেই, হসপিটালের ফ্যাসিস্ট ডাক্তাররা ড. ইউনুসকে ফাঁসাতে পরিকল্পিত ভাবে শিশুদের মে/রে ফেলতেসে” — নাহিদ ইসলামকে জড়িয়ে প্রচারিত মন্তব্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

