Google search engine
HomePoliticsগত ৬ আগস্টের কর্মসূচিতে বিএনপি সরকার পতনের সকল পরিকল্পনা ছিল বলে ড....

গত ৬ আগস্টের কর্মসূচিতে বিএনপি সরকার পতনের সকল পরিকল্পনা ছিল বলে ড. শফিকুল ইসলাম মাসুদ মন্তব্য করেছেন—এ দাবিটি মিথ্যা

গত ৬ আগস্ট রাজধানীর মুক্তাঙ্গণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগের প্রতিবাদে জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে একটি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচি শেষে নেতাকর্মীরা সচিবালয়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত নেতা ও পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের নামে একটি মন্তব্য ছড়িয়ে পড়ে।

প্রচারিত দাবিতে বলা হয়, ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘আজকেই সরকার পতনের সকল পরিকল্পনা ছিল। আর একটু পুশ দিলেই সরকারের পতন হয়ে যেতো। শুধু আমীর সাহেবের অনুরোধে আজকে আমরা থেমে গিয়েছি।’ তবে অনুসন্ধানে এমন বক্তব্যের কোনো নির্ভরযোগ্য উৎস পাওয়া যায়নি।

আলোচিত দাবিটির সূত্র অনুসন্ধান করে ‘Nationalist Force’ নামের একটি ফেসবুক পেজে এর প্রাথমিক প্রচারিত পোস্টের সন্ধান পাওয়া যায়। পোস্টটিতে ড. শফিকুল ইসলাম মাসুদের কথিত বক্তব্যের পক্ষে কোনো ভিডিও, অডিও, সংবাদ প্রতিবেদন কিংবা অন্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। পেজটির অন্যান্য কার্যক্রম পর্যালোচনা করেও বিভিন্ন ব্যক্তির নামে ভিত্তিহীন বক্তব্য প্রচারের নজির পাওয়া যায়।

এছাড়া, দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করা হলেও দেশের মূলধারার গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে ড. শফিকুল ইসলাম মাসুদের এমন বক্তব্যের তথ্য পাওয়া যায়নি। তার সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রমও পর্যালোচনা করা হয়; সেখানেও আলোচিত বক্তব্যের কোনো অস্তিত্ব মেলেনি।

অন্যদিকে, ৬ আগস্টের কর্মসূচি নিয়ে প্রকাশিত সংবাদ ও ভিডিও প্রতিবেদনগুলোতে কর্মসূচির বিভিন্ন ঘটনা উঠে এলেও সেখানে ড. শফিকুল ইসলাম মাসুদের ‘সরকার পতনের পরিকল্পনা’ সংক্রান্ত এমন কোনো বক্তব্যের উল্লেখ পাওয়া যায়নি।

অর্থাৎ, ৬ আগস্টের কর্মসূচিকে কেন্দ্র করে ড. শফিকুল ইসলাম মাসুদের নামে প্রচারিত ‘সরকার পতনের সকল পরিকল্পনা ছিল’ বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।

সুতরাং, গত ৬ আগস্টের কর্মসূচিতে বিএনপি সরকার পতনের সকল পরিকল্পনা ছিল বলে ড. শফিকুল ইসলাম মাসুদ মন্তব্য করেছেন—এ দাবিটি মিথ্যা

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular