সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, দেশজুড়ে নতুন আন্দোলনের অংশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নেমেছেন। ভিডিওটির সঙ্গে “আজ সারাদেশে নতুন আন্দোলন, আওয়ামী লীগ মাঠে” শীর্ষক ক্যাপশন জুড়ে দিয়ে এটিকে সাম্প্রতিক রাজনৈতিক কর্মসূচির দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত দাবিটি সত্য নয়। ভিডিওটি সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের কোনো মিছিল বা আন্দোলনের নয়; বরং এটি ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামে অনুষ্ঠিত ছাত্র-জনতার বিজয় উল্লাসের দৃশ্য।
যাচাই-বাছাইয়ে জাতীয় দৈনিক প্রথম আলোর ফেসবুক পেজে ২০২৪ সালের ৫ আগস্ট প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওটির হুবহু মিল পাওয়া যায়। ভিডিওতে দেখা যাওয়া জনসমাগম, সড়কের অবস্থান, আশপাশের স্থাপনা এবং মানুষের চলাচলের ধরণ একই হওয়ায় নিশ্চিত হওয়া যায় যে, এটি চট্টগ্রামে অনুষ্ঠিত ছাত্র-জনতার বিজয় মিছিলের দৃশ্য।
এছাড়া বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর প্রকাশিত প্রতিবেদন থেকেও জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে লাখো মানুষ রাস্তায় নেমে আসে। সেদিন নগরীর বিভিন্ন এলাকায় ছাত্র-জনতা বিজয় মিছিল, আনন্দ-উল্লাস, মিষ্টি বিতরণ এবং উদযাপনে অংশ নেয়।
অর্থাৎ, ছাত্র-জনতার বিজয় উদযাপনের পুরোনো ভিডিওকে সাম্প্রতিক সময়ের আওয়ামী লীগের রাজনৈতিক মিছিল হিসেবে প্রচার করা হয়েছে, যা প্রকৃত ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
সুতরাং, আওয়ামী লীগের সাম্প্রতিক আন্দোলন বা মিছিলের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি আসলে ২০২৪ সালের ৫ আগস্ট চট্টগ্রামে ছাত্র-জনতার বিজয় উল্লাসের ভিডিও; দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

