সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানাকে উদ্ধৃত করে একটি মন্তব্য ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন—“আওয়ামী লীগ যে উন্নয়ন করে গেছে, তা রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ চলে যাবে।” এই বক্তব্যটি বিভিন্ন পোস্ট ও ফটোকার্ড আকারে প্রচার করা হয়, যা নিয়ে অনলাইনে বিভ্রান্তি সৃষ্টি হয়।
তথ্য যাচাইয়ে দেখা গেছে, রুমিন ফারহানা এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত বক্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য সূত্র, ভিডিও ফুটেজ বা গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পাওয়া যায়নি। তার ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং মূলধারার সংবাদমাধ্যমগুলো পর্যালোচনায়ও এ ধরনের কোনো বক্তব্যের অস্তিত্ব মেলেনি।
এছাড়া, একজন জাতীয় পর্যায়ের পরিচিত সংসদ সদস্য এমন মন্তব্য করলে তা সাধারণত সংবাদমাধ্যমে প্রচারিত হতো বা বক্তব্যের ভিডিও প্রকাশ পেত, তবে এমন কোনো প্রমাণও পাওয়া যায়নি। পরবর্তীতে বিষয়টি যাচাইয়ে রুমিন ফারহানার সঙ্গেও যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে জানান, তিনি এমন কোনো মন্তব্য করেননি।
ফলে, আওয়ামী লীগকে জড়িয়ে রুমিন ফারহানার নামে প্রচারিত এই মন্তব্যটি ভুয়া, ভিত্তিহীন এবং বানোয়াট।

