সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, তিনি বলেছেন—“আমাকে আশ্বাস দিয়ে ব্যবহার করেও এমপি করা হলো না, এখন বুঝছি জুলাইয়ে রাজপথে নামাই ভুল ছিলো।” পোস্টটি বিভিন্ন মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়।
তথ্য যাচাইয়ে দেখা গেছে, অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এমন কোনো মন্তব্য করেননি। প্রচারিত ফটোকার্ডের দাবির পক্ষে কোনো মূলধারার গণমাধ্যম, সাক্ষাৎকার বা নির্ভরযোগ্য সূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
অনুসন্ধানে ফটোকার্ডটির উৎস হিসেবে একটি ব্যঙ্গাত্মক কনটেন্ট পেজের অস্তিত্ব পাওয়া যায়। ‘Gupto Television’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত একই ধরনের ফটোকার্ডে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে এটি একটি স্যাটায়ার ও প্যারোডি প্ল্যাটফর্ম, যেখানে প্রকাশিত কনটেন্টগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি। পেজটিতে নিয়মিত এমন ব্যঙ্গাত্মক পোস্ট প্রকাশ করা হয়।
পরবর্তী বিশ্লেষণে দেখা যায়, উক্ত ব্যঙ্গাত্মক পোস্টকেই কেটে-ছেঁটে বাস্তব বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে।
ফলে, অভিনেত্রী চমকের নামে প্রচারিত “জুলাইয়ে রাজপথে নামা ভুল ছিল” শীর্ষক মন্তব্যটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিকর।

