সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাজধানী ঢাকায় গ্রাম পুলিশ সদস্যদের আন্দোলনের দৃশ্য দাবি করে একটি ভিডিও প্রচার করা হয়েছে। ভিডিওটি ব্যবহার করে ঢাকায় গ্রাম পুলিশের আন্দোলন চলছে বলে ধারণা দেওয়া হচ্ছে। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি কোনো আন্দোলনের নয়; বরং ৭ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশের দৃশ্য।
আলোচিত ভিডিওর বিষয়ে অনুসন্ধানে সম্প্রতি ঢাকায় গ্রাম পুলিশ সদস্যদের এমন কোনো আন্দোলনের তথ্য দেশীয় মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি। অন্যদিকে, সংবাদমাধ্যমের প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে সরকারিভাবে ‘গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬’ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সমাবেশস্থলে প্রবেশের পর তিনি উপস্থিত গ্রাম পুলিশ সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।
মূলত, স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে দেশের সব জেলা থেকে গ্রাম পুলিশ সদস্যদের ওই মহাসমাবেশে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁদের নির্ধারিত পোশাক পরে সকাল ৮টার মধ্যে সমাবেশস্থলে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়। ফলে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা গ্রাম পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতির কারণে সমাবেশস্থলে বড় জনসমাগম তৈরি হয়। সেই মহাসমাবেশের ভিডিওকেই ঢাকায় গ্রাম পুলিশের আন্দোলনের দৃশ্য হিসেবে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য, মহাসমাবেশে যোগ দিতে রাজধানীতে আসার পথে তীব্র গরমে অসুস্থ হয়ে দুই গ্রাম পুলিশ সদস্যের মৃত্যু হয়। তাঁদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া গরমে অসুস্থ হয়ে পড়া আরও কয়েকজন গ্রাম পুলিশ সদস্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রত্যেককে তিন লাখ টাকা করে আর্থিক সহায়তা এবং পরিবারের একজন যোগ্য সদস্যকে গ্রাম পুলিশের চাকরি দেওয়ার ঘোষণা দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি গ্রাম পুলিশ সদস্যদের কোনো আন্দোলনের নয়। এটি ৭ নভেম্বর তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সরকারিভাবে আয়োজিত গ্রাম পুলিশ মহাসমাবেশের দৃশ্য। একটি আনুষ্ঠানিক মহাসমাবেশের ভিডিওকে আন্দোলনের দৃশ্য হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সুতরাং, ঢাকায় গ্রাম পুলিশের আন্দোলনের দৃশ্য দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে ৭ নভেম্বর অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশের। মহাসমাবেশের ভিডিওকে আন্দোলনের দৃশ্য হিসেবে প্রচার করার দাবিটি মিথ্যা ও বিভ্রান্তিকর।

