সম্প্রতি, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অনির্দিষ্টকালের জন্য ঢাকা-বেনাপোল রুটে রেল চলাচল বন্ধ ঘোষণা’ করা হয়েছে দাবিতে বিভিন্ন পোস্ট ছড়িয়ে পড়েছে। কোনো কোনো পোস্টে এ সিদ্ধান্তের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার বিষয়টিকেও সম্পৃক্ত করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, ঢাকা-বেনাপোল রুটে অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধের কোনো ঘোষণা দেওয়া হয়নি। বরং, এ সংক্রান্ত দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। বর্তমানে গোপালগঞ্জ হয়ে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ থাকলেও বেনাপোলের সঙ্গে ঢাকার অন্য ট্রেন যোগাযোগ চালু রয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যবেক্ষণ করে সেগুলোর পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। এ ছাড়া, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে ঢাকা-বেনাপোল রুটে অনির্দিষ্টকালের জন্য রেল চলাচল বন্ধের ঘোষণার তথ্য পাওয়া যায়নি।
পরবর্তীতে বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং ওয়েবসাইট পর্যবেক্ষণে ঢাকা থেকে বেনাপোলগামী ট্রেনের টিকিট বিক্রির তথ্য পাওয়া যায়। সেখানে রূপসী বাংলা এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেসের টিকিটও দেখা যায়।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী জানান, ঢাকা থেকে বেনাপোলের রেল যোগাযোগ বন্ধের দাবি সঠিক নয়। গোপালগঞ্জ হয়ে চলাচলকারী রূপসী বাংলা এক্সপ্রেস আপাতত বন্ধ থাকলেও বেনাপোল এক্সপ্রেস চলাচল করছে। রূপসী বাংলা এক্সপ্রেস বন্ধ থাকা সত্ত্বেও ওয়েবসাইটে টিকিট বিক্রির বিষয়ে তিনি জানান, ট্রেনটি যেকোনো সময় চালু হতে পারে। চালু না হলে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
প্রসঙ্গত, রূপসী বাংলা এক্সপ্রেস গোপালগঞ্জের কাশিয়ানী ও নড়াইল হয়ে চলাচল করে। অন্যদিকে, বেনাপোল এক্সপ্রেস গোপালগঞ্জের পরিবর্তে রাজবাড়ী ও চুয়াডাঙ্গা হয়ে চলাচল করে। ফলে রূপসী বাংলা এক্সপ্রেস সাময়িকভাবে বন্ধ থাকলেও ঢাকা ও বেনাপোলের মধ্যে রেল যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়নি।
সুতরাং, অনির্দিষ্টকালের জন্য ঢাকা-বেনাপোল রুটে রেল চলাচল বন্ধ ঘোষণার দাবিটি মিথ্যা।

