সম্প্রতি হাইকোর্টের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিশাল মিছিলের দৃশ্য দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটি সাম্প্রতিক সময়ের ঘটনা হিসেবে উপস্থাপন করে দাবি করা হচ্ছে, হাইকোর্টের সামনে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল করেছেন। তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি হাইকোর্টের সামনে কোনো মিছিলের নয়। এটি গত জুনে আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের জানাজার পর নেতাকর্মীদের মিছিলের পুরোনো দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে গত ১ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সংরক্ষিত সংস্করণেও উল্লেখ করা হয়েছে, এটি আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদের জানাজা শেষে হওয়া মিছিলের দৃশ্য। ওই ভিডিওর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটির একাধিক অংশের হুবহু মিল পাওয়া যায়। উভয় ভিডিওতেই একই ব্যক্তিদের একই পোশাকে মিছিল করতে এবং স্লোগান দিতে দেখা যায়।
এ ছাড়া, ক্যাম্পাস টাইমসেও ওই মিছিলের ছবি সংবলিত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। প্রতিবেদনটির ছবির সঙ্গে প্রচারিত ভিডিওর দৃশ্যের মিল রয়েছে। প্রতিবেদন থেকে জানা যায়, গত ১ জুন রাজধানীর ধানমন্ডির তাকওয়া মসজিদে তোফায়েল আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আওয়ামী লীগের নেতাকর্মীদের ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সেখানে হট্টগোলের ঘটনা ঘটে। এ ঘটনায় সাতজনকে আটক করে পুলিশ।
অর্থাৎ, প্রচারিত ভিডিওটি হাইকোর্টের সামনে আওয়ামী লীগের কোনো সাম্প্রতিক মিছিলের নয়। বরং তোফায়েল আহমেদের জানাজার পর নেতাকর্মীদের মিছিলের দৃশ্যকে ভিন্ন স্থান ও সময়ের ঘটনা হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সুতরাং, তোফায়েল আহমেদের জানাজার পর আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিলের পুরোনো ভিডিওকে হাইকোর্টের সামনে আওয়ামী লীগের সাম্প্রতিক মিছিলের দৃশ্য দাবিতে প্রচার করা হচ্ছে, যা বিভ্রান্তিকর।

