Google search engine
HomePoliticsজিয়াউর রহমানকে জাতীয় চার নেতা হ/ত্যার নির্দেশদাতা বলেননি রাশেদ খাঁন, বক্তব্যের একাংশ...

জিয়াউর রহমানকে জাতীয় চার নেতা হ/ত্যার নির্দেশদাতা বলেননি রাশেদ খাঁন, বক্তব্যের একাংশ কেটে বিভ্রান্তিকর প্রচার

সম্প্রতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনের একটি ভিডিওর খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “জিয়াউর রহমানের নির্দেশে ৪ নেতাকে হ/ত্যা করা হয়েছিল।” এর মাধ্যমে দাবি করা হচ্ছে, জাতীয় চার নেতা হ/ত্যার জন্য জিয়াউর রহমানকে দায়ী করেছেন রাশেদ খাঁন। তবে অনুসন্ধানে দেখা যায়, তাঁর বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে প্রকৃত বক্তব্যের ভিন্ন অর্থ দাঁড় করানো হয়েছে।

এ বিষয়ে অনুসন্ধানে জাতীয় দৈনিক সমকালের ইউটিউব চ্যানেলে গত ৭ নভেম্বর প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির ২ মিনিট ৪৬ সেকেন্ড থেকে রাশেদ খাঁনকে বলতে শোনা যায়, “আওয়ামী লীগ যে বয়ান উৎপাদন করেছিল যে, জাতীয় চার নেতাকে জিয়াউর রহমানের নির্দেশে হ/ত্যা করা হয়েছিল। যাকে ওই সময় খালেদ মোশাররফের নেতৃত্বে সেনাবাহিনীর একটি অংশ গৃহবন্দী করে রেখেছিল, তার নেতৃত্বে আবার জাতীয় চার নেতাকে হ/ত্যাকাণ্ডের ঘটানো, সেটি সম্ভব? সম্ভবপর নয়। সুতরাং এতদিন আমরা মিথ্যা ইতিহাস জেনেছি।”

অর্থাৎ, রাশেদ খাঁন এখানে জাতীয় চার নেতা হ/ত্যায় জিয়াউর রহমানকে দায়ী করেননি। বরং তিনি স্পষ্টভাবে বলেছেন, জিয়াউর রহমানের নির্দেশে জাতীয় চার নেতাকে হ/ত্যা করা হয়েছিল, এটি আওয়ামী লীগের প্রচারিত বয়ান। একই সঙ্গে তিনি ওই বয়ানের বিরোধিতা করে নিজের যুক্তি তুলে ধরেছেন। কিন্তু তাঁর বক্তব্যের আগের অংশ বাদ দিয়ে শুধু ‘জিয়াউর রহমানের নির্দেশে ৪ নেতাকে হ/ত্যা করা হয়েছিল’ বাক্যটি প্রচার করায় বক্তব্যের প্রকৃত অর্থ বদলে গেছে।

জানা যায়, ৭ নভেম্বর ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন এসব কথা বলেন। এ বিষয়ে জাগো নিউজেও একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

সুতরাং, রাশেদ খাঁন জাতীয় চার নেতা হ/ত্যায় জিয়াউর রহমানকে দায়ী করেছেন বলে যে দাবি প্রচার করা হচ্ছে, তা সঠিক নয়। তিনি বরং এটিকে আওয়ামী লীগের প্রচারিত বয়ান হিসেবে উল্লেখ করে তার বিরোধিতা করেছেন। বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার করে তাঁর অবস্থানকে উল্টোভাবে উপস্থাপন করায় দাবিটি বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular