Google search engine
HomePoliticsশেখ হাসিনার দেশে ফেরার খবরে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার দাবিতে শফিকুল আলমের নামে...

শেখ হাসিনার দেশে ফেরার খবরে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার দাবিতে শফিকুল আলমের নামে ভুয়া বক্তব্য প্রচার

সম্প্রতি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের নামে একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ডে তাঁর বক্তব্য হিসেবে দাবি করা হয়েছে, ‘ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফেরার কথা শোনার পর থেকে অনেক টেনশন, বিব্রতকর পরিস্থিতিতে আছি। আগে মতো কেউ এখন টিভি চ্যানেলের টকশোতে ডাকে না। ড. ইউনূস স্যার আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে।’ তবে অনুসন্ধানে এই বক্তব্যের কোনো সত্যতা পাওয়া যায়নি।

আলোচিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করে দেখা যায়, সেখানে শফিকুল আলমের কথিত মন্তব্যের কোনো সূত্র, প্রকাশের তারিখ, স্থান কিংবা বক্তব্য দেওয়ার প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। অর্থাৎ, তিনি কোথায় বা কোন অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। কোনো সূত্র ছাড়াই তাঁর নামে বক্তব্যটি প্রচার করা হচ্ছে।

এ বিষয়ে শফিকুল আলমের সাম্প্রতিক বক্তব্য ও সাক্ষাৎকার পর্যালোচনার পাশাপাশি তাঁর ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এ ছাড়া, তাঁর মতো পরিচিত ব্যক্তির এমন মন্তব্যের বিষয়ে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যমেও প্রতিবেদন বা তথ্য পাওয়া যায়নি।

বিশেষ করে, শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গকে কেন্দ্র করে শফিকুল আলমের ব্যক্তিগত উদ্বেগ, টকশোতে আমন্ত্রণ না পাওয়া এবং ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার মতো একাধিক বক্তব্য একসঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। অথচ এসব দাবির পক্ষে কোনো বক্তব্য, সাক্ষাৎকার কিংবা নির্ভরযোগ্য সূত্র হাজির করা হয়নি। ফলে মন্তব্যটি তাঁর নামে প্রচার করা হলেও এর সত্যতা প্রতিষ্ঠার কোনো ভিত্তি নেই।

সুতরাং, শেখ হাসিনার দেশে ফেরার খবরে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার কথা শফিকুল আলম বলেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডের দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর নামে প্রচারিত মন্তব্যটি ভুয়া ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular