পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্য আন্দোলনকারী এক নারী শ্রমিকের স্পর্শকাতর স্থানে হাত দিয়েছেন, এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রচার করা হচ্ছে। ছবিটি ব্যবহার করে পুলিশের বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ তোলা হলেও অনুসন্ধানে দেখা গেছে, এটি বাস্তব কোনো ঘটনার ছবি নয়।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত ছবিটি গত ৪ নভেম্বর রাত ১০টা ৪ মিনিটে ‘Raju Bhai’ নামের একটি ফেসবুক পেজে প্রথম প্রকাশিত হয়। মূল পোস্টে ছবিটিকে এআই-নির্মিত কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
ছবিটির সত্যতা যাচাইয়ে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ পরীক্ষা করা হলে সেটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯.৯ শতাংশ দেখায়। পাশাপাশি, গুগলের SynthID Verification Tool-এ ছবিটি পরীক্ষা করে এতে SynthID ডিজিটাল ওয়াটারমার্কের সংকেত পাওয়া যায়।
অর্থাৎ, ছবিটির উৎস ও প্রযুক্তিগত পরীক্ষার ফলাফল—দুটিই এটি বাস্তব ঘটনার সরাসরি আলোকচিত্র নয়, বরং এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত কনটেন্ট হওয়ার দিকেই ইঙ্গিত করে। ফলে ছবিটিকে পোশাকশ্রমিকদের আন্দোলনে পুলিশের অশালীন আচরণের বাস্তব প্রমাণ হিসেবে উপস্থাপনের সুযোগ নেই।
সুতরাং, পোশাকশ্রমিকদের আন্দোলনে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে নারী শ্রমিকের সঙ্গে অশালীন আচরণের দাবিতে প্রচারিত ছবিটি বাস্তব নয়; এটি এআই প্রযুক্তির সাহায্যে তৈরি বা সম্পাদিত। ছবিটিকে বাস্তব ঘটনার দৃশ্য হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

