সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যাবর্তন নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের একটি প্রতিবেদনকে কেন্দ্র করে। ৯ নভেম্বর প্রকাশিত ‘Hasina seeks new passport in clearest sign of Bangladesh return’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনার আইনজীবীরা তাঁর নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন। রয়টার্সের হাতে আসা একটি চিঠির ভিত্তিতে প্রকাশিত প্রতিবেদনে এই আবেদনকে তাঁর বাংলাদেশে ফেরার পরিকল্পনা বাস্তবায়নের সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। তবে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করলেই দেশে ফেরার পথ নিশ্চিত হয়ে যায় না। বিষয়টি নিয়ে সরকারের প্রকাশ্য অবস্থান ও প্রত্যর্পণ প্রক্রিয়ার বাস্তবতা প্রতিবেদনের শিরোনামে তৈরি হওয়া ধারণা থেকে ভিন্ন।
অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার আইনজীবীরা ৯ নভেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর জন্য আবেদন করেন। চিঠিতে তাঁর আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল হওয়ার কথা উল্লেখ করে নতুন নথি ইস্যুর অনুরোধ জানানো হয়। এটি মূলত তাঁর আইনজীবীদের পক্ষ থেকে করা একটি আবেদন। বাংলাদেশ সরকার আবেদনটি গ্রহণ করেছে, অনুমোদন দিয়েছে কিংবা এর ভিত্তিতে তাঁকে দেশে ফেরার ব্যবস্থা করছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি।
গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই আবেদনের চার দিন আগেই ৫ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রকাশ্যে সরকারের অবস্থান জানিয়েছেন। তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে কোনো পাসপোর্ট বা ট্রাভেল পাস দেওয়া হবে না। বাংলাদেশ-ভারত বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। তাঁর বক্তব্য অনুযায়ী, পলাতক আসামিকে ফেরত আনার জন্য নতুন পাসপোর্টের প্রয়োজন নেই; এ ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়া ও দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ ব্যবস্থাই অনুসরণ করা হবে।
পরবর্তী সময়ে ৮ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও জানান, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেবে। অর্থাৎ, সরকারের পক্ষ থেকে পাসপোর্ট বা ট্রাভেল পাসের মাধ্যমে তাঁর প্রত্যাবর্তনের কোনো উদ্যোগের কথা জানানো হয়নি। বরং তাঁকে ফেরানোর ক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অনুসরণের অবস্থানই পুনর্ব্যক্ত করা হয়েছে।
অন্যদিকে, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত বা নির্দিষ্ট সময়সীমা জানানো হয়নি। এর আগে বাংলাদেশ থেকে পাঠানো প্রত্যর্পণ অনুরোধের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বিষয়টি প্রতিষ্ঠিত বিচারিক ও আইনি প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করা হচ্ছে। ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক সাড়া বা হস্তান্তরের সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাঁর প্রত্যাবর্তনের সময় কিংবা বাস্তব সম্ভাবনা নিশ্চিত করে বলা যায় না।
এখানে শেখ হাসিনার আইনজীবীদের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করার বিষয়টি সত্য। কিন্তু তাঁর ব্যক্তিগত প্রত্যাবর্তনের ইচ্ছা, আইনজীবীদের করা আবেদন এবং বাংলাদেশ সরকারের প্রত্যর্পণের মাধ্যমে তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ, তিনটি পৃথক বিষয়। একটি আবেদনকে দেশে ফেরার সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করা হলেও সেটি নিজে থেকে প্রত্যাবর্তনের অনুমতি, সরকারি সম্মতি কিংবা ভারত সরকারের হস্তান্তরের সিদ্ধান্ত নিশ্চিত করে না।
সুতরাং, শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করার খবর সত্য হলেও এর মাধ্যমে তাঁর বাংলাদেশে ফেরার পথ নিশ্চিত হয়েছে, এমন ধারণা সঠিক নয়। বাংলাদেশ সরকার স্পষ্ট জানিয়েছে, তাঁকে পাসপোর্ট বা ট্রাভেল পাস দিয়ে নয়, বরং বাংলাদেশ-ভারত বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে। ভারতের সিদ্ধান্ত ও হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁর প্রত্যাবর্তনের সময় বা সম্ভাবনা নিশ্চিত নয়।

