Google search engine
HomePoliticsওয়াজ মাহফিলে আমির হামজাকে জুতা নিক্ষেপের সাম্প্রতিক দৃশ্য দাবিতে ৬ বছর পুরোনো...

ওয়াজ মাহফিলে আমির হামজাকে জুতা নিক্ষেপের সাম্প্রতিক দৃশ্য দাবিতে ৬ বছর পুরোনো ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াতের সংসদ সদস্য আমির হামজার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, একটি ওয়াজ মাহফিলে তাঁকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়েছে। ভিডিওটি সাম্প্রতিক ঘটনার দৃশ্য হিসেবে ছড়িয়ে পড়লেও অনুসন্ধানে এর ভিন্ন প্রেক্ষাপট পাওয়া গেছে।

অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয়; এটি ২০২০ সালের মার্চে খুলনার রূপসা উপজেলার সিংহেরচর এলাকায় ঘটে যাওয়া একটি ঘটনার দৃশ্য। ‘MD Sabbir Shaikh Truthful’ নামের একটি ফেসবুক প্রোফাইলে ২০২০ সালের ৪ মার্চ একই ভিডিওর দীর্ঘ সংস্করণ প্রকাশিত হয়। ফলে ভিডিওটির অন্তত ছয় বছর আগের অস্তিত্ব নিশ্চিত হওয়া যায়।

ওই পোস্টের ক্যাপশনে উল্লেখ করা হয়, ২০২০ সালের ৩ মার্চ সিংহেরচর এলাকায় মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলে আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে বাধা সৃষ্টি হয়। একপর্যায়ে সাধারণ জনতা মঞ্চের দিকে জুতা নিক্ষেপ করে। পরে জনতার চাপে মাহফিল পুনরায় শুরু হলেও তা বেশিক্ষণ চলেনি বলে পোস্টের বিবরণে দাবি করা হয়।

এ ছাড়া ভিডিওতে থাকা লোগোর সূত্র ধরে ‘Addin TV’ নামের একটি ফেসবুক পেজে ২০২০ সালের ৩ মার্চ প্রকাশিত একই ঘটনার মূল ভিডিও খুঁজে পাওয়া যায়। অর্থাৎ, ভিডিওটির প্রকাশকাল ও সংশ্লিষ্ট ঘটনার সময়কাল—দুটিই ২০২০ সালের মার্চের সঙ্গে মিলে যায়।

এখানে ভিডিওতে জুতা নিক্ষেপের দৃশ্য থাকার বিষয়টি সত্য হলেও সেটিকে সাম্প্রতিক কোনো ওয়াজ মাহফিলের ঘটনা হিসেবে উপস্থাপনের সুযোগ নেই। পুরোনো ভিডিওটি নতুন ঘটনার দৃশ্য হিসেবে প্রচার করায় দর্শকদের মধ্যে ঘটনাটি সম্প্রতি ঘটেছে বলে ভুল ধারণা তৈরি হতে পারে।

সুতরাং, ওয়াজ মাহফিলে আমির হামজাকে জুতা নিক্ষেপের দাবিতে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়; এটি ২০২০ সালের মার্চে খুলনার রূপসা উপজেলার সিংহেরচরে ঘটে যাওয়া পুরোনো ঘটনার ভিডিও। ছয় বছর আগের ভিডিওকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করা বিভ্রান্তিকর।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular