সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, চলমান আন্দোলনের অংশ হিসেবে পোশাকশ্রমিকরা রেললাইন অবরোধ করেছেন। ভিডিওতে রেলপথে অবরোধ ও ট্রেন আটকে থাকতে দেখা যায়। তবে অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটির সঙ্গে পোশাকশ্রমিকদের আন্দোলনের কোনো সম্পর্ক নেই।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওটি চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আনসারবাড়িয়া রেলস্টেশনে স্থানীয় বাসিন্দাদের রেললাইন অবরোধ কর্মসূচির। স্টেশনটি পূর্ণাঙ্গভাবে চালু, স্থায়ী স্টেশন মাস্টার নিয়োগসহ একাধিক দাবিতে গত ৪ নভেম্বর এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
আলোচিত ভিডিওটি ‘Desk Reporter’ ও ‘MATRIJAGAT TV’ নামের দুটি সংবাদভিত্তিক ফেসবুক পেজেও প্রকাশিত হয়। সেসব পোস্টের বিবরণে ভিডিওটিকে আনসারবাড়িয়া রেলস্টেশন পূর্ণাঙ্গভাবে চালু ও স্টেশন মাস্টার নিয়োগের দাবিতে স্থানীয়দের রেলপথ অবরোধ কর্মসূচির দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে দেশ রূপান্তরে প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য পাওয়া যায়। প্রতিবেদন অনুযায়ী, ৪ নভেম্বর আনসারবাড়িয়া রেলস্টেশনে স্থায়ী স্টেশন মাস্টার নিয়োগ, স্টেশন সংস্কার, আন্তনগর এক্সপ্রেস ট্রেনের আপ ও ডাউন যাত্রাবিরতি এবং ১ নম্বর প্ল্যাটফর্ম চালুর দাবিতে এলাকাবাসী রেললাইন অবরোধ করেন। এ সময় খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি আনসারবাড়িয়া স্টেশনে আটকে রাখা হয়।
অর্থাৎ, ভিডিওটি পোশাকশ্রমিকদের চলমান আন্দোলনের কোনো কর্মসূচির নয়। এটি রেলস্টেশনের বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে চুয়াডাঙ্গার স্থানীয় বাসিন্দাদের করা অবরোধের দৃশ্য।
সুতরাং, পোশাকশ্রমিকদের রেললাইন অবরোধের দাবিতে প্রচারিত ভিডিওটি প্রকৃতপক্ষে চুয়াডাঙ্গার জীবননগরের আনসারবাড়িয়া রেলস্টেশনে স্থানীয়দের কর্মসূচির। ভিন্ন ঘটনার ভিডিওকে পোশাকশ্রমিকদের আন্দোলনের দৃশ্য হিসেবে প্রচার করা মিথ্যা ও বিভ্রান্তিকর।

