Google search engine
HomeOthersদেশের পরিস্থিতি পূর্ববর্তী সরকারের আমলের চেয়েও খারাপ বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে...

দেশের পরিস্থিতি পূর্ববর্তী সরকারের আমলের চেয়েও খারাপ বলে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশের বর্তমান পরিস্থিতিকে পূর্ববর্তী সরকারের আমলের চেয়েও খারাপ বলে মন্তব্য করেছেন, এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ডযুক্ত ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে সেনাপ্রধানের ছবি ব্যবহার করে তাঁর নামে বলা হয়েছে, সরকারি কর্মীদের কারণে দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। তবে আলোচিত বক্তব্যের পক্ষে কোনো সূত্র বা প্রমাণ উপস্থাপন করা হয়নি।

অনুসন্ধানে দেখা যায়, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এমন কোনো মন্তব্য করেছেন বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। প্রচারিত ভিডিওতে তাঁর ছবি সংবলিত একটি ফটোকার্ড দেখা গেলেও বক্তব্যটি কবে, কোথায় কিংবা কোন প্রেক্ষাপটে দেওয়া হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য উল্লেখ নেই। ফলে ফটোকার্ডে তাঁর ছবি থাকলেও সেটিকে তাঁর প্রকৃত বক্তব্যের প্রমাণ হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।

বিষয়টি যাচাই করতে প্রাসঙ্গিক শব্দ ব্যবহার করে অনুসন্ধান চালিয়েও কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম বা আনুষ্ঠানিক সূত্রে আলোচিত বক্তব্যের অস্তিত্ব পাওয়া যায়নি। বরং বক্তব্যটি অনির্ভরযোগ্য ফেসবুক প্রোফাইলের মাধ্যমে প্রচারিত হতে দেখা যায়। ফলে সেনাপ্রধানের নামে প্রচারিত মন্তব্যটির সত্যতা প্রতিষ্ঠিত হয়নি।

এদিকে, বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত ১০ অক্টোবর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। ‘বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার প্রসঙ্গে’ শিরোনামের ওই বিজ্ঞপ্তিতে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে সেনাবাহিনী ও সেনাপ্রধানকে নিয়ে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের বিষয়টি তুলে ধরা হয়। এসব প্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অর্থাৎ, দেশের বর্তমান পরিস্থিতি পূর্ববর্তী সরকারের আমলের চেয়েও খারাপ বলে সেনাপ্রধান মন্তব্য করেছেন, এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাঁর ছবি ব্যবহার করে তৈরি ফটোকার্ডে বক্তব্যটি যুক্ত করলেই তা তাঁর প্রকৃত বক্তব্য হিসেবে প্রতিষ্ঠিত হয় না।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular