সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের গ্লাভস পরা হাতে ভাত খাওয়ার একটি ছবি ছড়িয়ে দিয়ে সেটিকে বাস্তব দৃশ্য হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ছবিটি ঘিরে কোনো নির্দিষ্ট স্থান, সময় বা ঘটনার তথ্যও দেওয়া হয়নি।
ছবিটির উৎস ও সত্যতা যাচাই করতে অনুসন্ধানে কোনো নির্ভরযোগ্য সংবাদমাধ্যম, প্রতিষ্ঠান বা অন্য কোনো বিশ্বাসযোগ্য সূত্রে এর অস্তিত্ব পাওয়া যায়নি। পরে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কি না তা যাচাই করা হলে এতে এআই-নির্মিত ছবির বিভিন্ন বৈশিষ্ট্য শনাক্ত হয়। একই সঙ্গে ছবিটিতে ওপেনএআইয়ের সিন্থআইডি ওয়াটারমার্কও দেখা যায়, যা ছবিটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার বিষয়টিকে আরও স্পষ্ট করে।
ছবিটির অনলাইন উৎস অনুসন্ধান করে ‘আলেমা ফারিয়া আক্তার’ নামের একটি ফেসবুক প্রোফাইলে একই ছবি পাওয়া যায়। ওই পোস্টে ছবিটির সঙ্গে এআই-সংক্রান্ত লেবেলও যুক্ত রয়েছে। অর্থাৎ, ছবিটি যে বাস্তব কোনো ঘটনার দৃশ্য নয়, বরং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয়েছে, তার সরাসরি ইঙ্গিত মূল পোস্টেই রয়েছে।
এ ছাড়া সংশ্লিষ্ট ফেসবুক প্রোফাইলটি পর্যালোচনা করে একই ধরনের আরও একাধিক এআই-নির্মিত কনটেন্টের সন্ধান পাওয়া যায়। এসব তথ্যের ভিত্তিতে প্রচারিত ছবিটিকে বাস্তব দৃশ্য হিসেবে উপস্থাপনের দাবির সঙ্গে এর প্রকৃত উৎস ও বৈশিষ্ট্যের মিল পাওয়া যাচ্ছে না।
সুতরাং, নারীরা গ্লাভস পরা হাতে ভাত খাচ্ছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি কোনো বাস্তব ঘটনার ছবি নয়; এটি এআই প্রযুক্তির সহায়তায় তৈরি।

