সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে উদ্ধৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। প্রচারিত ভিডিওতে দাবি করা হচ্ছে, সাংবাদিক খালেদ মুহিউদ্দীনের সঞ্চালনায় ‘ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে অংশ নিয়ে আসিফ নজরুল বলেছেন, “লুটপাট করেছে ওরা (নাহিদ-আসিফরা) আর নাম দিয়েছে আমার। ইউনুস সরকারে গিয়ে ভুল করেছি।”
তবে অনুসন্ধানে দেখা যায়, খালেদ মুহিউদ্দীনের ওই টকশোতে আসিফ নজরুল এমন কোনো মন্তব্য করেননি। গত ১০ সেপ্টেম্বর প্রচারিত টকশোটির পূর্ণাঙ্গ ভিডিও পর্যালোচনা করে প্রচারিত বক্তব্যটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
ভাইরাল ভিডিওটির উৎস অনুসন্ধানে দেখা যায়, ‘News Time 240’ নামের একটি ফেসবুক পেজ থেকে প্রথমদিকে একই টকশোর একটি খণ্ডিত ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে আসিফ নজরুলের টকশোতে দেওয়া বক্তব্যের দৃশ্য ব্যবহার করা হলেও তার বক্তব্যের সঙ্গে ‘নাহিদ-আসিফরা লুটপাট করেছে’ এবং ‘ইউনুসের সরকারে গিয়ে ভুল করেছি’ ধরনের বক্তব্য জুড়ে দেওয়া হয়েছে। একই ভিডিওতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার আলাদা ফুটেজও সংযুক্ত করা হয়েছে। অথচ সংশ্লিষ্ট টকশোতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুধু আসিফ নজরুল।
পরবর্তীতে ওই ভিডিওর ওপর ভিত্তি করেই ‘Voice Bangla’ তাদের ফেসবুক পেজে একটি ফটোকার্ড প্রকাশ করে। অর্থাৎ, আসিফ নজরুলের প্রকৃত বক্তব্যকে সম্পাদনার মাধ্যমে ভিন্ন অর্থে উপস্থাপন করে তার নামে একটি মনগড়া মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়েছে।
এ বিষয়ে ড. আসিফ নজরুলও জানিয়েছেন, টকশোতে তিনি এমন কোনো মন্তব্য করেননি।
সুতরাং, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে নিয়ে ‘লুটপাট করেছে নাহিদ-আসিফরা’ বক্তব্যটি আসিফ নজরুল করেছেন বলে যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, তা ভুয়া ও বানোয়াট।

