Google search engine
HomeOthersছেলে ছাত্রলীগ করায় মহেশখালীতে মাকে কুপিয়ে হত্যার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া...

ছেলে ছাত্রলীগ করায় মহেশখালীতে মাকে কুপিয়ে হত্যার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট; নিহত শিল্পী রানী সুশীল মূলত চুরি করতে আসা এক চোরের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এবং এর সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।

সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজসহ কয়েকটি ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ছেলে ছাত্রলীগ করায় কক্সবাজারের মহেশখালীতে ঘরে ঢুকে এক মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে ভিডিও বা ছবির সাথে প্রচারিত এই দাবি ও ঘটনার প্রেক্ষাপট সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

অনুসন্ধানে জানা যায়, নিহত ওই গৃহবধূর নাম শিল্পী রানী সুশীল (৪৫)। তিনি কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার হননি; মূলত ঘরে চুরি করতে আসা এক চোরের ছুরিকাঘাতে তিনি নিহত হয়েছেন। জাতীয় দৈনিক প্রথম আলো, যুগান্তর ও চ্যানেল ২৪-এর সংবাদ প্রতিবেদন এবং মহেশখালী থানার পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন সন্ধ্যায় শিল্পী রানী নিজের ঘরে রান্না করছিলেন। এ সময় চুরির উদ্দেশ্যে এক অজ্ঞাত ব্যক্তি ঘরে ঢোকার চেষ্টা করলে তিনি চোরকে দেখে ফেলেন এবং ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। তখন ওই ব্যক্তি তার মুখ চেপে ধরে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শিল্পী রানীর স্বামী রবীন্দ্র লাল সুশীল ‘ফ্যাক্ট রিভিউ’-কে স্পষ্টভাবে জানিয়েছেন যে, ছেলে ছাত্রলীগ করার কারণে হত্যাকাণ্ডের এই দাবিটি মোটেও সত্য নয়। নিহতের ভাইপো নিকাশ শর্মা এবং স্থানীয় হিন্দু নেতা শান্তি নন্দীও নিশ্চিত করেছেন, এই পরিবারের সাথে কারও কোনো রাজনৈতিক বা সামাজিক বিরোধ নেই। হোয়ানক ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য ছাবেকুন্নাহার মেরীও এই ঘটনাকে নিছক চুরির উদ্দেশ্যে হত্যাকাণ্ড বলে নিশ্চিত করে জানিয়েছেন যে, ঘটনাটির সাথে রাজনীতির ন্যূনতম কোনো সম্পর্ক নেই।

অর্থাৎ, কক্সবাজারের মহেশখালীতে চুরির উদ্দেশ্যে সংঘটিত একটি মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাকে রাজনৈতিক রূপ দিয়ে ‘ছেলে ছাত্রলীগ করায় মাকে হত্যা’ করা হয়েছে বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা প্রচার করা হচ্ছে।

সুতরাং, ছেলে ছাত্রলীগ করায় মহেশখালীতে মাকে কুপিয়ে হত্যার দাবিতে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট; নিহত শিল্পী রানী সুশীল মূলত চুরি করতে আসা এক চোরের ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন এবং এর সাথে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular