সম্প্রতি নেপালে বন্যা ও ভূমিধসের ঘটনায় বাংলাদেশের সংগীতশিল্পী তাসরিফ খান মা`রা গেছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছে। কোনো নির্ভরযোগ্য সূত্র ছাড়াই তাঁর মৃ`ত্যুর দাবি প্রচার করায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, তাসরিফ খান মা`রা যাননি; বরং নেপালে অবস্থানকালে তিনি ও তাঁর সঙ্গীরা সাময়িকভাবে আটকা পড়লেও পরবর্তীতে নিরাপদে পোখারায় পৌঁছেছেন।
তাসরিফ খানের অবস্থান সম্পর্কে জানতে অনুসন্ধান করলে প্রথম আলোর ২৭ আগস্টের একটি সাক্ষাৎকার পাওয়া যায়। সেখানে হোয়াটসঅ্যাপে যোগাযোগের সময় তাসরিফ খান নিজেই জানান, তিনি সঙ্গীদের নিয়ে নেপালের অন্নপূর্ণা অঞ্চলের ঘান্দ্রুতে অবস্থান করছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রধান সড়ক ধসে পড়ায় তাদের চলাচল বন্ধ হয়ে যায় এবং তারা সেখানে আটকা পড়েন।
অর্থাৎ, দুর্যোগের কারণে তাসরিফ খান ও তাঁর সঙ্গীরা সমস্যায় পড়েছিলেন—এমন তথ্য পাওয়া গেলেও তাঁর মৃ`ত্যুর কোনো তথ্য সেখানে নেই। বরং তাঁর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তাঁর জীবিত ও নিরাপদ থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
পরবর্তীতে তাসরিফ খানের নিজস্ব ফেসবুক পেজেও তাঁর অবস্থান সম্পর্কে নিয়মিত আপডেট পাওয়া যায়। ২৮ আগস্ট প্রকাশিত সর্বশেষ পোস্টের তথ্য অনুযায়ী, তিনি ও তাঁর সঙ্গীরা নেপালের পোখারায় পৌঁছেছেন। ফলে তাঁর মৃ`ত্যুর দাবিটি যে বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক, তা স্পষ্ট।
সুতরাং, নেপালের বন্যা ও ভূমিধসে গায়ক তাসরিফ খান মারা গেছেন—এমন দাবি মিথ্যা। তিনি দুর্যোগের সময় নেপালে আটকা পড়লেও পরবর্তীতে নিরাপদে পোখারায় পৌঁছেছেন।

