সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত বাঁচল কোটি টাকার গাড়ি’ শিরোনামে একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওটিতে দেখা যায়, দুর্ঘটনার ঝুঁকিতে থাকা একটি গাড়িকে দ্রুত সরিয়ে নিয়ে সম্ভাব্য ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করা হচ্ছে—এমন একটি দৃশ্য উপস্থাপন করে ঘটনাটিকে বাস্তব হিসেবে দাবি করা হয়েছে।
তবে ভিডিওটির দৃশ্য বিশ্লেষণ করে দেখা যায়, এতে একাধিক অস্বাভাবিকতা রয়েছে। বিশেষ করে গাড়ি থেকে এক ব্যক্তির বের হয়ে দৌড়ে সরে যাওয়া, অপর ব্যক্তির অস্বাভাবিক দ্রুততায় এসে গাড়িটি সরিয়ে নেওয়া এবং পুরো ঘটনাপ্রবাহের গতিবিধিতে অসংগতি লক্ষ্য করা যায়। ভিডিওর বিভিন্ন দৃশ্যে বাস্তব ভিডিওর তুলনায় মানুষের চলাফেরা ও পারিপার্শ্বিক উপাদানের উপস্থাপনাতেও অস্বাভাবিকতা দেখা যায়।
এছাড়া, আলোচিত ঘটনাটি সত্যিই কোথায় বা কখন ঘটেছে—এমন কোনো নির্দিষ্ট তথ্য ভিডিওটিতে নেই। প্রাসঙ্গিক অনুসন্ধানেও নির্ভরযোগ্য কোনো গণমাধ্যম বা সূত্রে ভিডিওতে প্রদর্শিত ঘটনাটির সত্যতা নিশ্চিত করার মতো তথ্য পাওয়া যায়নি।
ভিডিওটির প্রকৃতি আরও যাচাই করতে এআই-নির্মিত কনটেন্ট শনাক্তকারী টুল Hive Detect-এ এটি বিশ্লেষণ করা হয়। টুলটির পরীক্ষার ফলাফলে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি হওয়ার সম্ভাবনা ৮৯.২ শতাংশ দেখানো হয়েছে।
অর্থাৎ, ভিডিওতে বাস্তব ঘটনার দৃশ্য দেখানো হচ্ছে—এমন কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই; বরং ভিডিওটির দৃশ্যগত অসঙ্গতি এবং এআই শনাক্তকারী টুলের ফলাফল এটি কৃত্রিমভাবে তৈরি হওয়ার দিকেই ইঙ্গিত করে।
সুতরাং, ‘সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তে কোটি টাকার গাড়ি বাঁচল’ দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি বাস্তব ঘটনার দৃশ্য নয়; এটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি।

