সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড প্রচার করে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, “তারেক রহমানের নাম শুনলেই ভারত থরথর করে কাঁপে।”
অনুসন্ধানে দেখা যায়, রাশেদ খাঁন এমন কোনো মন্তব্য করেননি। আলোচিত বক্তব্যের পক্ষে কোনো নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন, ভিডিও, সাক্ষাৎকার বা বক্তব্যের প্রামাণ্য উৎস পাওয়া যায়নি। একইভাবে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও বিশ্বস্ত গণমাধ্যম বা নির্ভরযোগ্য কোনো সূত্রে তাঁর এমন মন্তব্যের তথ্য মেলেনি।
অন্যদিকে, আলোচিত ফটোকার্ডটির সূত্র অনুসন্ধান করে ‘Gupto Tv’ নামের একটি ফেসবুক পেজে গত ২২ আগস্ট একই ফটোকার্ড প্রকাশের তথ্য পাওয়া যায়। পেজটির কনটেন্ট পর্যালোচনায় দেখা যায়, এটি মূলত প্যারোডি ও ব্যঙ্গাত্মক কনটেন্ট প্রকাশ করে। একই ধরনের বিভিন্ন কাল্পনিক বক্তব্যের ফটোকার্ডও পেজটিতে পাওয়া যায়।
অর্থাৎ, ব্যঙ্গাত্মক উদ্দেশ্যে তৈরি একটি ফটোকার্ডকে পরবর্তীতে মূল প্রেক্ষাপট ও প্রকৃতি আড়াল করে রাশেদ খাঁনের প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর নামে একটি ভিত্তিহীন বক্তব্য ছড়িয়ে পড়েছে।
সুতরাং, ‘তারেক রহমানের নাম শুনলেই ভারত থরথর করে কাঁপে’—রাশেদ খাঁন এমন মন্তব্য করেছেন বলে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

