সম্প্রতি বিএনপির নেতা সালাহউদ্দিন আহমেদের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বক্তব্য ছড়িয়ে পড়েছে। প্রচারিত বক্তব্যে দাবি করা হয়, সংসদে তাকে অপমান করে আবার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দায়িত্ব প্রত্যাশা করা সম্ভব নয় এবং তিনি এসবের মধ্যে নেই।
অনুসন্ধানে দেখা যায়,
আলোচিত বক্তব্যের সূত্র অনুসন্ধান করে দেখা যায়, এটি প্রথমে একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশ করা হয়। অর্থাৎ, মূল পোস্টটিই বাস্তব কোনো বক্তব্য বা সংবাদ হিসেবে নয়, বরং ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে তৈরি ও প্রকাশ করা হয়েছিল।
পরবর্তীতে ওই স্যাটায়ার পোস্টের মূল প্রেক্ষাপট বাদ দিয়ে বক্তব্যটি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। এতে সাধারণ ব্যবহারকারীদের মধ্যে এটি সালাহউদ্দিন আহমেদের সত্যিকারের বক্তব্য—এমন ধারণা তৈরি হয়েছে।
এছাড়া, বক্তব্যটি সালাহউদ্দিন আহমেদ সত্যিই দিয়েছেন কি না, তা যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও কোনো নির্ভরযোগ্য সংবাদ প্রতিবেদন, ভিডিও বা তাঁর নিজস্ব বক্তব্যের সূত্র পাওয়া যায়নি। ফলে স্যাটায়ার পেজের কনটেন্টকে তাঁর প্রকৃত বক্তব্য হিসেবে প্রচারের দাবিটির কোনো নির্ভরযোগ্য ভিত্তি নেই।
সুতরাং, ‘আপনারা সংসদে বসে আমাকে অপমান করবেন আবার চাইবেন আইনশৃঙ্খলা ব্যবস্থা উন্নতি করি—এটা সম্ভব না। আমি এসবের ভিতরে নাই’—সালাহউদ্দিন আহমেদের নামে প্রচারিত বক্তব্যটি তাঁর প্রকৃত মন্তব্য নয়; এটি স্যাটায়ার পেজ থেকে সৃষ্ট একটি কাল্পনিক বক্তব্যকে বাস্তব মন্তব্য হিসেবে প্রচারের ঘটনা।

