
সম্প্রতি, ‘বিদ্যুৎ সাশ্রয় করতে প্রধানমন্ত্রীকন্যা জাইমা রহমান এসি রুমে ফ্যান ব্যবহার করেন না’ শীর্ষক একটি মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, এই মন্তব্যটি করেছেন রাশেদ খান। মন্তব্যটির সঙ্গে রাশেদ খানের নাম ও ছবি ব্যবহার করে একটি ফটোকার্ডও প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে জানা যায়, জাইমা রহমানকে নিয়ে আলোচিত মন্তব্যটি রাশেদ খান করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্টকে পরবর্তীতে প্রকৃত বক্তব্য হিসেবে প্রচার করা হয়েছে।
আলোচিত দাবির বিষয়ে অনুসন্ধানের শুরুতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ফটোকার্ডটি পর্যালোচনা করা হয়। এতে রাশেদ খানের নাম ও ছবি ব্যবহার করে জাইমা রহমানকে নিয়ে উল্লিখিত মন্তব্যটি প্রচার করতে দেখা যায়। তবে ফটোকার্ডটিতে মন্তব্যটির কোনো নির্ভরযোগ্য সূত্র, প্রকাশের স্থান বা প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে আলোচিত ফটোকার্ডটির উৎস অনুসন্ধান করে দৈনিক মোল্লার দেশ নামের একটি ফেসবুক পেজে এর প্রথম প্রচারিত পোস্টের সন্ধান পাওয়া যায়। পেজটিতে প্রকাশিত পোস্টটি পরবর্তীতে বিভিন্ন অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ থেকে শেয়ার হতে থাকে এবং একপর্যায়ে মন্তব্যটি রাশেদ খানের বক্তব্য হিসেবে প্রচার করা হয়।
তবে দৈনিক মোল্লার দেশ পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, পেজটি নিজেকে স্যাটায়ার/প্যারোডি পেজ হিসেবে পরিচয় দেয়। এছাড়া পেজটিতে বিভিন্ন ব্যক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে একই ধরনের ব্যঙ্গাত্মক ও কাল্পনিক পোস্ট প্রকাশের নজিরও রয়েছে। ফলে আলোচিত পোস্টটি মূলত ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবেই প্রকাশ করা হয়েছিল বলে প্রতীয়মান হয়।
এদিকে, আলোচিত মন্তব্যের বিষয়ে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করেও রাশেদ খানের এমন কোনো বক্তব্যের নির্ভরযোগ্য সূত্র বা সংবাদ প্রতিবেদন পাওয়া যায়নি। তার নামে প্রচারিত মন্তব্যটির কোনো প্রামাণিক উৎসও খুঁজে পাওয়া যায়নি।
অর্থাৎ, স্যাটায়ারধর্মী একটি পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্টকে প্রকৃত বক্তব্য হিসেবে উপস্থাপন করে রাশেদ খানের নামে প্রচার করা হয়েছে।

