
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে খুলনা জেলা ছাত্রলীগের কর্মী সুদর্শন কুমার মিস্ত্রীর নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি মিছিলের কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবিতে বিপুলসংখ্যক মানুষের পাশাপাশি বেশ কয়েকজন নারীকে মিছিলে অংশ নিতে দেখা যায়। ফলে ছবিগুলোকে ওই মিছিলের বাস্তব দৃশ্য হিসেবে অনেকে প্রচার করছেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মিছিলটি অনুষ্ঠিত হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নারীসহ বিপুল জনসমাগমের ছবিগুলো বাস্তব দৃশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রকৃতপক্ষে, মিছিলের মূল দৃশ্যের ছবি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে পরিবর্তন করে সেখানে অতিরিক্ত মানুষ ও নারীদের উপস্থিতি যুক্ত করা হয়েছে।
আলোচিত দাবির সূত্র ধরে সুদর্শন কুমার মিস্ত্রীর ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে ওই মিছিলের একটি ভিডিও ও একাধিক ছবি পাওয়া যায়। এসব মূল উপকরণ বিশ্লেষণ করে দেখা যায়, বাস্তব মিছিলে উপস্থিতির সংখ্যা ছিল খুবই সীমিত। ভিডিওতেও মিছিলের সঙ্গে কোনো নারীকে অংশ নিতে দেখা যায় না।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিগুলোতে তুলনামূলকভাবে অস্বাভাবিকভাবে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি এবং নারীদের দেখা যাচ্ছে। ফলে ছবিগুলোর সঙ্গে মিছিলের মূল ভিডিও ও ছবির দৃশ্যগত পার্থক্য স্পষ্ট হয়।
বিষয়টি আরও নিশ্চিত করতে প্রচারিত ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকারী প্ল্যাটফর্ম Sightengine-এ পরীক্ষা করা হয়। প্ল্যাটফর্মটির বিশ্লেষণে ছবিগুলো এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা সম্পাদিত হওয়ার সম্ভাবনা প্রায় ৯৯ শতাংশ বলে ফলাফল পাওয়া যায়।
অর্থাৎ, খুলনায় সুদর্শন কুমার মিস্ত্রীর নেতৃত্বে মিছিল হওয়ার ঘটনা সত্য হলেও সেই মিছিলের নারীসহ বিপুল জনসমাগমের দৃশ্য দাবিতে প্রচারিত ছবিগুলো বাস্তব নয়। মূল মিছিলের দৃশ্য পরিবর্তন করে ছবিগুলোতে অতিরিক্ত মানুষ ও নারীর উপস্থিতি যুক্ত করা হয়েছে।

