
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে উদ্ধৃত করে “শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, আই এম ভেরি ভেরি কনফিডেন্ট” শীর্ষক একটি বক্তব্য প্রচার করা হয়েছে। এতে দাবি করা হচ্ছে, শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয়ে দীনেশ ত্রিবেদী আত্মবিশ্বাসের সঙ্গে এমন মন্তব্য করেছেন।
অনুসন্ধানে জানা যায়, শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে দীনেশ ত্রিবেদী এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তাঁর সাম্প্রতিক বক্তব্যের একটি অংশের “very, very confident” মন্তব্যকে ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার করে শেখ হাসিনার দেশে ফেরার সঙ্গে যুক্ত করা হয়েছে।
এ বিষয়ে অনুসন্ধানে গত ১০ আগস্ট বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর দেওয়া বক্তব্যের প্রতিবেদন পাওয়া যায়। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশ ও ভারতের মধ্যকার বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন। এ প্রসঙ্গেই তিনি বলেন, “I am very confident, very, very confident.”
তাঁর ওই বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট পর্যালোচনা করে দেখা যায়, “very, very confident” মন্তব্যটি শেখ হাসিনার বাংলাদেশে ফেরার বিষয়ে নয়; বরং দুই দেশের মধ্যকার মতপার্থক্য ও বিভিন্ন সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান এবং ভবিষ্যতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও ভালো হওয়ার সম্ভাবনা নিয়ে করা হয়েছিল।
অন্যদিকে, একই সময়ে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গটি বাংলাদেশ-ভারত আলোচনায় আলাদাভাবে উঠে এসেছে। ১০ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করার অনুরোধ জানায়। তবে দীনেশ ত্রিবেদীর প্রকাশিত বক্তব্যে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা নিয়ে “very, very confident” মন্তব্যের কোনো উল্লেখ পাওয়া যায়নি।
অর্থাৎ, দীনেশ ত্রিবেদীর বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে করা বক্তব্যের একটি অংশকে মূল প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে শেখ হাসিনার দেশে ফেরার সঙ্গে যুক্ত করা হয়েছে।
সুতরাং, “শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, আই এম ভেরি ভেরি কনফিডেন্ট”—দীনেশ ত্রিবেদী এমন মন্তব্য করেছেন বলে প্রচারিত দাবিটি ভুয়া।

