সম্প্রতি ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি যুক্ত করে একটি অডিও কলের রেকর্ডের ফুটেজ ছড়িয়েছে। এ সংক্রান্ত পোস্টগুলোর ক্যাপশনে দাবি করা হচ্ছে, বিদেশি দূতাবাসের সাথে তারেক রহমানের কল রেকর্ড ফাঁস হয়েছে। সেখানে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ভারত জামায়াত এবং এনসিপি-কে দেখতে পারছে না, তাই তাদের রাজনীতি থেকে সরাতে তারেক রহমানকে বার্তা দেওয়া হয়েছে এবং তিনিও তাদের শীঘ্রই সরানোর কথা বলেছেন। আর এ কারণেই আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে দৌড়ঝাঁপ চলছে।
তবে ফ্যাক্ট রিভিউ টিমের অনুসন্ধানে জানা যায়, বিদেশি দূতাবাসের সাথে তারেক রহমানের কল রেকর্ড ফাঁসের দাবিতে প্রচারিত অডিওটি আসল নয়। মূলত, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া এই অডিওটি তৈরি করা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধানে নির্ভরযোগ্য কোনো সূত্রে অডিওটির অস্তিত্ব মেলেনি। এর সূত্রপাত খুঁজতে গিয়ে দেখা যায়, ‘Prem Chowdhury’ নামের একটি ভুঁইফোঁড় ফেসবুক প্রোফাইল থেকে গত ১১ আগস্ট দুপুর ৩টা ৪৬ মিনিটে এটি প্রকাশ করা হয়। ২০২৪ সালের নভেম্বরে খোলা ওই প্রোফাইলটিতে ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি দিয়ে প্রোফাইল পিকচার হালনাগাদ করা ছাড়া এর আগে উল্লেখযোগ্য কোনো পোস্ট করা হয়নি।
পরবর্তীতে অডিওটি বিশ্লেষণ করে ফ্যাক্ট রিভিউ দেখতে পায়, সেখানে দুই ব্যক্তির কথোপকথন শোনা যায়। এর মধ্যে একজনের কণ্ঠ প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো নকল করা হয়েছে, আর অন্যজনের পরিচয় প্রকাশ না করে তাকে দূতাবাস কর্মকর্তা হিসেবে দাবি করা হয়েছে। ১ মিনিট ২০ সেকেন্ডের ওই কথোপকথনে বিনিয়োগ, জ্বালানি নিরাপত্তা, জামায়াতের প্রভাব কমানো এবং আওয়ামী লীগকে রাজনৈতিক ভারসাম্য রক্ষায় ব্যবহার করার মতো বিভিন্ন বিষয়ে বানোয়াট আলোচনা করা হয়েছে।
আলোচিত অডিওটি এআই দিয়ে তৈরি কি না, তা নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Resemble AI-তে এটি পরীক্ষা করা হয়। সেখানে অডিওটিকে নিশ্চিতভাবে ‘ডিপফেক’ (Deepfake) হিসেবে শনাক্ত করা হয়েছে। একইভাবে, অপর একটি এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Moderation-এ অডিওটি পরীক্ষা করলে দেখা যায়, এতে এআই-সৃষ্ট বা ডিপফেক কনটেন্ট থাকার সম্ভাবনা ৯৮.২ শতাংশ।
অর্থাৎ, কোনো নির্ভরযোগ্য ভিত্তি ছাড়াই একটি ভুঁইফোঁড় অ্যাকাউন্ট থেকে এআই প্রযুক্তি ব্যবহার করে এই অডিওটি তৈরি করে ছড়ানো হয়েছে। সুতরাং, বিদেশি দূতাবাসের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের কল রেকর্ড ফাঁস দাবিতে প্রচারিত অডিওটি সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

