সম্প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সদ্য সাবেক স্পিকার হাফিজ উদ্দিন আহমদের ছবি ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রচারিত ফটোকার্ড ও ভিডিওতে হাফিজ উদ্দিন আহমদের নামে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কর্মী সামলানো, বাজেট ব্যবস্থাপনা, সন্ত্রাস দমন ও দেশের উন্নয়নে ব্যর্থ হয়েছেন এবং তাই তাকে পদত্যাগ করা উচিত।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদত্যাগের আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমদ এমন কোনো বক্তব্য দেননি। তার বক্তব্য হিসেবে প্রচারিত কথাগুলোর কোনো নির্ভরযোগ্য উৎসও পাওয়া যায়নি।
আলোচিত দাবিতে প্রচারিত ফটোকার্ড ও ভিডিওগুলো পর্যালোচনা করে দেখা যায়, সেখানে বক্তব্যটির সময়, স্থান বা কোনো অনুষ্ঠানের প্রেক্ষাপট উল্লেখ করা হয়নি। দাবিটির সত্যতা যাচাইয়ে প্রাসঙ্গিক বিভিন্ন কি-ওয়ার্ডে অনুসন্ধান করেও হাফিজ উদ্দিন আহমদের এমন মন্তব্যের কোনো নির্ভরযোগ্য সংবাদ বা প্রতিবেদন পাওয়া যায়নি।
এছাড়া, হাফিজ উদ্দিন আহমদের সাম্প্রতিক বক্তব্য, সাক্ষাৎকার ও সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করেও প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানোর মতো কোনো বক্তব্যের সন্ধান মেলেনি। দেশের প্রধানমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানানোর মতো গুরুত্বপূর্ণ কোনো বক্তব্য তিনি দিয়ে থাকলে তা মূলধারার গণমাধ্যমেও প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এ ধরনের কোনো তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া যায়নি।
অর্থাৎ, কোনো প্রমাণ বা নির্ভরযোগ্য সূত্র ছাড়াই হাফিজ উদ্দিন আহমদের ছবি ও নাম ব্যবহার করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদত্যাগের আহ্বান জানানোর বক্তব্যটি প্রচার করা হয়েছে।
সুতরাং, প্রধানমন্ত্রী তারেক রহমানকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বলে হাফিজ উদ্দিন আহমদের নামে প্রচারিত বক্তব্যটি ভুয়া ও বানোয়াট।

