সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী জয়া আহসানের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সেখানে তাকে উদ্ধৃত করে দাবি করা হয়েছে, “শেখ হাসিনার ছবি বালিশের নিচে রেখে জনগণ নিশ্চিন্তে ঘুমায়।”
তবে অনুসন্ধানে দেখা যায়, জয়া আহসান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ বা বক্তব্যের উৎস ছাড়াই তার নামে আলোচিত মন্তব্যটি তৈরি ও প্রচার করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাই করতে আলোচিত ফটোকার্ড ও সংশ্লিষ্ট পোস্টগুলো পর্যালোচনা করা হলেও কোথায়, কবে কিংবা কোন প্রেক্ষাপটে জয়া আহসান এমন মন্তব্য করেছেন—সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পোস্টগুলোতে বক্তব্যটির কোনো ভিডিও, সাক্ষাৎকার, সংবাদসূত্র বা যাচাইযোগ্য রেফারেন্সও উল্লেখ করা হয়নি।
অনুসন্ধানের অংশ হিসেবে জয়া আহসানের সাম্প্রতিক সাক্ষাৎকার, প্রকাশ্য বক্তব্য এবং তার ভেরিফায়েড বা আনুষ্ঠানিক ফেসবুক, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাকাউন্টে প্রকাশিত তথ্য পর্যবেক্ষণ করেও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ মেলেনি।
এছাড়া, শেখ হাসিনাকে নিয়ে জয়া আহসান এমন কোনো রাজনৈতিক মন্তব্য করেছেন—এমন তথ্য দেশীয় বা আন্তর্জাতিক কোনো নির্ভরযোগ্য গণমাধ্যমেও পাওয়া যায়নি। সাধারণত জনপরিচিত কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে এমন আলোচিত বক্তব্য দিলে তা গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পাশাপাশি বিভিন্ন বিশ্বস্ত সূত্রে এর প্রমাণ পাওয়া যায়। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে এমন কোনো তথ্য বা প্রাসঙ্গিক সূত্রের অস্তিত্ব মেলেনি।
সুতরাং, ‘শেখ হাসিনার ছবি বালিশের নিচে রেখে জনগণ নিশ্চিন্তে ঘুমায়’— শীর্ষক মন্তব্যটি জয়া আহসান করেননি। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই অভিনেত্রী জয়া আহসানের নামে বক্তব্যটি তৈরি ও প্রচার করা হয়েছে, যা সম্পূর্ণ ভুয়া ও বানোয়াট।

