সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে, ভিডিওতে তরুণীর সঙ্গে নাচতে থাকা ব্যক্তি ঢাকা মহানগর জামায়াতের নেতা ডা. সোবান। ভিডিওটির সঙ্গে বিভ্রান্তিকর ও ব্যক্তিগত ইঙ্গিতপূর্ণ ক্যাপশনও যুক্ত করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, আলোচিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা। ভিডিওতে তরুণীর সঙ্গে নাচতে থাকা ব্যক্তি জামায়াতে ইসলামীর কোনো নেতা নন এবং তার সঙ্গে ডা. সোবানের পরিচয়েরও কোনো মিল পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে, ভিডিওটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে অনুষ্ঠিত নাচ-গান ও সাংস্কৃতিক আয়োজনের দৃশ্য।
এ বিষয়ে অনুসন্ধানে ‘Media Pulse বাংলা’ নামের একটি ফেসবুক পেজে গত ৩০ জুন প্রকাশিত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওটির সঙ্গে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওর নাচ, উপস্থিত ব্যক্তিদের অবস্থান, মঞ্চ ও আশপাশের পরিবেশের মিল পাওয়া যায়। মূল ভিডিওটির ক্যাপশনে এটিকে এফডিসিতে অনুষ্ঠিত একটি সাংস্কৃতিক আয়োজনের দৃশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
পাশাপাশি, সংশ্লিষ্ট ফেসবুক পেজে প্রকাশিত অন্যান্য ভিডিও পর্যালোচনা করেও দেখা যায়, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণে বিভিন্ন প্রচারণামূলক নাচ-গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। আলোচিত ভিডিওটিও সেই সময়ের একটি আয়োজনের অংশ।
উল্লেখ্য, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন গত ৩ জুলাই অনুষ্ঠিত হয়। নির্বাচনকে সামনে রেখে এর আগের কয়েক সপ্তাহ এফডিসিতে প্রার্থী ও শিল্পী-কলাকুশলীদের প্রচারণার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়।

