গত ২৮ জুলাই হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের গাড়িবহরে হা`ম`লার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নাহিদ ইসলামের ছবি সংযুক্ত একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। দৈনিক সকালের লোগো ব্যবহার করা ফটোকার্ডটিতে দাবি করা হয়, নাহিদ ইসলাম বলেছেন, “আমার ভাইয়েরা যখন হবিগঞ্জে বিএনপির হাতে মার খেলো, তখন জামাত-শিবিরের কাউকে আমাদের পাশে পাইনি। এটাই জামাতের মুনাফিকি।”
তবে অনুসন্ধানে দেখা যায়, নাহিদ ইসলাম এমন কোনো মন্তব্য করেননি। একই সঙ্গে দৈনিক সকালও আলোচিত বক্তব্যসংবলিত কোনো ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, নাহিদ ইসলামকে নিয়ে দৈনিক সকালের প্রকাশিত একটি ভিন্ন ফটোকার্ড ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করে নতুন বক্তব্য যুক্ত করা হয়েছে।
নাহিদ ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট পর্যালোচনায়ও আলোচিত মন্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, এ ধরনের বক্তব্যের বিষয়ে মূলধারার কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রেও কোনো সংবাদ মেলেনি।

