সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় কবি, গীতিকার ও অভিনেতা মারজুক রাসেলকে উদ্ধৃত করে ইসলাম ধর্ম নিয়ে একটি দীর্ঘ মন্তব্য প্রচার করা হচ্ছে। সেখানে তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “আল্লাহ ইসলাম পাঠাইছেন তোমারে মুসলমান বানাইতে। আর তুমি খালি তোমারে বাদ দিয়া দেশ, জাতি, গোষ্ঠী, উৎসব, পোশাক, স্লোগান এমনকি ফুটবলটারেও মুসলমান বানাইতে মহাব্যস্ত…”—এবং চীনে তৈরি ফ্যানের বাতাসকে ‘মুসলিম নাকি অমুসলিম’—এমন প্রশ্নও তার নামে যুক্ত করা হয়েছে।
তবে অনুসন্ধানে দেখা যায়, মারজুক রাসেল এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক পেজে তৈরি করা পোস্টকে প্রকৃত বক্তব্য হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
আলোচিত দাবিতে প্রচারিত পোস্টগুলো পর্যালোচনা করে মন্তব্যটির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র, সাক্ষাৎকার, ভিডিও, প্রকাশিত লেখা বা প্রাসঙ্গিক রেফারেন্স পাওয়া যায়নি। প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান করলেও দেশীয় বা আন্তর্জাতিক কোনো বিশ্বস্ত গণমাধ্যমে মারজুক রাসেলের এমন মন্তব্যের প্রমাণ মেলেনি।
দাবিটির উৎস অনুসন্ধানে ‘Bengali Steam’ নামের একটি ফেসবুক পেজে গত ১০ জুলাই প্রকাশিত সম্ভাব্য প্রথম পোস্টটি পাওয়া যায়। তবে পোস্টটিতে মন্তব্যটির কোনো নির্ভরযোগ্য সূত্র বা বক্তব্যের উৎস উল্লেখ করা হয়নি।
পরবর্তীতে পেজটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ‘Bengali Steam’ একটি সার্কাজম বা স্যাটায়ারধর্মী পেজ। পেজটিতে বিভিন্ন ব্যক্তি ও সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত ব্যঙ্গাত্মক ও কাল্পনিক পোস্ট প্রকাশ করা হয়। আলোচিত পোস্টটিও একই ধরনের ব্যঙ্গাত্মক কনটেন্ট হিসেবে তৈরি করা হয়েছে বলে প্রতীয়মান হয়।
এছাড়া, মারজুক রাসেলের ফেসবুক পেজ ও প্রকাশ্য বক্তব্যগুলো পর্যালোচনা করেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। বিষয়টি আরও নিশ্চিত করতে মারজুক রাসেলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্টভাবে জানান, প্রচারিত মন্তব্যটি তার নয়।

