Google search engine
HomeOthers‘জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় আলাদা রাষ্ট্রীয় বাহিনী গঠন দরকার’— ঢাবি শিক্ষিকা মোনামীর নামে প্রচারিত...

‘জুলাইযোদ্ধাদের নিরাপত্তায় আলাদা রাষ্ট্রীয় বাহিনী গঠন দরকার’— ঢাবি শিক্ষিকা মোনামীর নামে প্রচারিত মন্তব্যটি ভিত্তিহীন

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)-এর ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়ে। সেখানে তাকে উদ্ধৃত করে দাবি করা হয়, “সকল জুলাইযোদ্ধাদের নিরাপত্তার জন্য আলাদা রাষ্ট্রীয় বাহিনী গঠন করা এখন সময়ের দাবি।” আলোচিত ফটোকার্ডটি দ্রুত বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং অনেক ব্যবহারকারী এটিকে সত্য তথ্য হিসেবে প্রচার করতে থাকেন।

তবে অনুসন্ধানে দেখা যায়, শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী) এমন কোনো মন্তব্য করেছেন—এমন নির্ভরযোগ্য তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি। আলোচিত দাবির পক্ষে কোথায়, কবে, কোন অনুষ্ঠান বা সাক্ষাৎকারে তিনি এ বক্তব্য দিয়েছেন, সে সম্পর্কেও কোনো তথ্য উপস্থাপন করা হয়নি।

বিষয়টি যাচাই করতে তার প্রকাশ্য বক্তব্য, সাম্প্রতিক সাক্ষাৎকার, ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম পর্যালোচনা করা হলেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। একইসঙ্গে, দেশের মূলধারার গণমাধ্যম কিংবা কোনো বিশ্বস্ত সূত্রেও এ ধরনের বক্তব্য প্রকাশিত বা উদ্ধৃত হওয়ার তথ্য মেলেনি।

সাধারণত, জনপরিচিত কোনো ব্যক্তি রাষ্ট্র, নিরাপত্তা কাঠামো বা রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলে তা গণমাধ্যমে সংবাদ হিসেবে উঠে আসে এবং বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে এর প্রতিফলন দেখা যায়। কিন্তু আলোচিত দাবির ক্ষেত্রে এমন কোনো তথ্য-উপাত্ত পাওয়া যায়নি।

প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, জুলাইযোদ্ধাদের নিরাপত্তার জন্য আলাদা রাষ্ট্রীয় বাহিনী গঠনের দাবি করে শেহরীন আমিন ভূঁইয়া (মোনামী)-এর নামে প্রচারিত মন্তব্যটি তথ্যসূত্রবিহীন, ভিত্তিহীন ও বানোয়াট।

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular