সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনে সক্রিয় থাকা কনটেন্ট ক্রিয়েটর ও রাইটার সোহাইল রহমান–এর ছবি সংযুক্ত একটি ফটোকার্ড ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। সেখানে দাবি করা হয়েছে, তিনি বলেছেন— “আমার বউ বিয়ের আগে আরেকজনের সাথে পালিয়ে গিয়েছিল সেটা জেনেই আমি বিয়ে করেছি। সুতরাং আমার বউয়ের ন্যুড ছড়িয়ে আমাদের ফাটল ধরানোর চেষ্টা করে লাভ নাই!” ব্যক্তিগত জীবনকে ঘিরে আপত্তিকর এই বক্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অনেকেই সেটিকে সত্য বলে প্রচার করতে থাকেন।
তবে অনুসন্ধানে দেখা যায়, সোহাইল রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, একটি স্যাটায়ারধর্মী ফেসবুক পেজে প্রকাশিত ব্যঙ্গাত্মক পোস্ট পরবর্তীতে বাস্তব বক্তব্য হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
দাবিটির সত্যতা যাচাই করতে প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানো হলেও মূলধারার কোনো গণমাধ্যম, নির্ভরযোগ্য সংবাদসূত্র কিংবা সোহাইল রহমানের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের বক্তব্যের কোনো প্রমাণ পাওয়া যায়নি। জনপরিচিত একজন ব্যক্তির এমন সংবেদনশীল ও ব্যক্তিগত মন্তব্য বাস্তবে করা হলে তা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ার কথা। কিন্তু এ ধরনের কোনো তথ্যের অস্তিত্ব মেলেনি।
পর্যালোচনায় আরও দেখা যায়, আলোচিত দাবিটি নির্ভরযোগ্য কোনো সূত্রের উদ্ধৃতি ছাড়াই শুধুমাত্র একটি ব্যঙ্গাত্মক পোস্টের ভিত্তিতে প্রচার করা হয়েছে, যা পরবর্তীতে বাস্তব তথ্য হিসেবে উপস্থাপন করে ব্যক্তির ব্যক্তিগত মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে।

