সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কক্সবাজারের চকরিয়া এলাকার বন্যা পরিস্থিতি নিয়ে একটি হৃদয় বিদারক ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে ‘কক্স অনলাইন বার্তা’ নামক ফেসবুক পেজের এডমিন জাহেদুল ইসলাম রুবেল প্রকাশ রুবেল খানকে ঠাঁইহীন পানিতে ভেসে থাকতে দেখা যায়। সেখানে তিনি কোনো ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলে আর্তনাদ করতে করতে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছিলেন। তার প্রায় ৩ লক্ষ ৯৪ হাজার ফলোয়ারের পেজ থেকে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় এবং পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমেও এটি প্রচার করা হয়।
তবে অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটির এই দৃশ্যপট সম্পূর্ণ বাস্তব নয়। প্রকৃতপক্ষে, জাহেদুল ইসলাম রুবেল আর্থিকভাবে স্বাবলম্বী একজন ব্যক্তি। ভিডিওতে তাকে ঠাঁইহীন পানিতে ভাসতে দেখা গেলেও, মূলত তিনি নিজ বাড়ির সামনে বুক সমান পানিতে দাঁড়িয়ে ভিডিওটি ধারণ করেছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জন ও ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই তিনি এই নাটকীয় ও বিভ্রান্তিকর ভিডিওটি তৈরি করেন।
পর্যালোচনায় আরও দেখা যায়, আলোচিত ভিডিওটি কোনো বাস্তব অসহায়ত্বের চিত্র নয়, বরং এটি একটি সাজানো ঘটনা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৈরি করা এ ধরনের বিভ্রান্তিকর ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে আন্তর্জাতিকভাবে দেশের সুনাম ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা থাকে।

