
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সীমান্তে পুশইন ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনার আবহে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। ছবিটির সঙ্গে দাবি করা হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী ভারতের সীমান্তে বিপুল সংখ্যক ট্যাংক মোতায়েন করেছে এবং এটি সীমান্ত পরিস্থিতিকে কেন্দ্র করে নেওয়া সামরিক পদক্ষেপের অংশ।
তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সত্য নয়। প্রচারিত ছবিটির সঙ্গে বর্তমান সীমান্ত পরিস্থিতি কিংবা ভারতের সীমান্তে ট্যাংক মোতায়েনের কোনো সম্পর্ক নেই।
যাচাই করে দেখা যায়, আলোচিত ছবিটি সাম্প্রতিক সময়ের নয়। জাতীয় দৈনিক প্রথম আলোর ২০১৮ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে একই ছবি ব্যবহার করা হয়েছিল। প্রতিবেদনের ক্যাপশন অনুযায়ী, এটি বাংলাদেশ সেনাবাহিনীর সামরিক কুচকাওয়াজের একটি পুরোনো দৃশ্য।
অর্থাৎ, বহু বছর আগের একটি আনুষ্ঠানিক সামরিক কুচকাওয়াজের ছবিকে বর্তমান বাংলাদেশ-ভারত সীমান্ত পরিস্থিতির সঙ্গে যুক্ত করে নতুন দাবি প্রচার করা হয়েছে।
এছাড়া, বাংলাদেশ ভারতের সীমান্তে বিপুল সংখ্যক ট্যাংক মোতায়েন করেছে—এমন কোনো তথ্য দেশি-বিদেশি নির্ভরযোগ্য গণমাধ্যম, সরকারি সূত্র কিংবা সামরিক বাহিনীর কোনো আনুষ্ঠানিক বিবৃতিতে পাওয়া যায়নি।
বিশ্লেষণে প্রতীয়মান হয়, সীমান্ত পরিস্থিতিকে অতিরঞ্জিতভাবে উপস্থাপন এবং জনমনে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে পুরোনো একটি সামরিক কুচকাওয়াজের ছবি নতুন প্রেক্ষাপটে ব্যবহার করা হয়েছে।
সুতরাং, ভারতীয় সীমান্তে বাংলাদেশ সেনাবাহিনীর বিপুল সংখ্যক ট্যাংক মোতায়েনের দাবিতে প্রচারিত ছবিটি পুরোনো সামরিক কুচকাওয়াজের ছবি; দাবিটি বিভ্রান্তিকর ও ভিত্তিহীন।

