সাম্প্রতিক সময়ে কিছু সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন— “কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না।”
তবে বিস্তারিত অনুসন্ধানে দেখা গেছে, তারেক রহমান এমন কোনো মন্তব্য করেননি। প্রকৃতপক্ষে, তিনি কর্ণফুলী টানেলের ওপারে নির্মিত বিলাসবহুল ভবন ও অপ্রয়োজনীয় অবকাঠামো নিয়ে সমালোচনা করেছিলেন, টানেল প্রকল্পের অস্তিত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে নয়।
‘ইউএনবি-ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ’-এর প্রকাশিত বক্তব্যের ভিডিও বিশ্লেষণে দেখা যায়, তিনি বলেন—টানেলের ওপারে “খুব স্ট্যান্ডার্ড, বেশ লাক্সারিয়াস” অ্যাপার্টমেন্ট বা ভবন নির্মাণ করা হয়েছে, “যার কোনো প্রয়োজন ছিল না।” একই বক্তব্যে তিনি প্রকল্প সংশ্লিষ্ট অনিয়ম ও গাছ লাগানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগও উল্লেখ করেন।
একইভাবে, The Business Standard–সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনেও স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, তারেক রহমান টানেলের ওপারের বিলাসবহুল স্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছেন; কর্ণফুলী টানেলের প্রয়োজনীয়তা অস্বীকার করেননি।
বিশ্লেষণে প্রতীয়মান হয়, বক্তব্যের একটি অংশ প্রসঙ্গ বিচ্ছিন্ন করে উপস্থাপন করার মাধ্যমে বিভ্রান্তিকর ব্যাখ্যা তৈরি করা হয়েছে।
সুতরাং, ‘কর্ণফুলী টানেলের কোনো প্রয়োজন ছিল না’—এমন মন্তব্য তারেক রহমান করেননি; তার বক্তব্য বিকৃত করে প্রচার করা হয়েছে।

