সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ২০১৩ সালের মে মাসে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরের দৃশ্য দাবিতে একটি ছবি ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে। ছবিটির ক্যাপশনে দাবি করা হয়েছে, এটি শাপলা চত্বরের ঘটনার “সিসি ক্যামেরা ফুটেজের একটি পিকচার”, যেখানে পুলিশকে আলেমদের লাশ গাড়িতে তুলতে দেখা যাচ্ছে। একইসঙ্গে পোস্টটিতে তৎকালীন সরকার ঘটনাটি ধামাচাপা দিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ছবিটি বাস্তব কোনো ঘটনার নয়। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় ছবিটি তৈরি করা হয়েছে।
আলোচিত দাবির পক্ষে কোনো জাতীয় গণমাধ্যম, আন্তর্জাতিক সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে এমন কোনো সিসিটিভি ফুটেজ কিংবা সংশ্লিষ্ট ছবির অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া, প্রচারিত ছবিটি পর্যবেক্ষণ করলেও এতে এআই-নির্মিত কনটেন্টের বিভিন্ন অস্বাভাবিকতা ও কৃত্রিম বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়।
বিষয়টি অধিকতর নিশ্চিত হতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম ‘Hive Detect’-এ ছবিটি বিশ্লেষণ করলে সেটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি বলে শনাক্ত হয়।
অর্থাৎ, বাস্তব কোনো সিসিটিভি ফুটেজ নয়, বরং এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি একটি ছবিকে ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার প্রমাণ হিসেবে প্রচার করা হচ্ছে।
সুতরাং, ২০১৩ সালের শাপলা চত্বরে গাড়িতে লাশ তোলার দৃশ্য দাবিতে প্রচারিত ছবিটি এআই-নির্মিত ও বিভ্রান্তিকর।

