রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পুনর্নির্মাণে বিএনপির পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।
তবে তথ্য যাচাইয়ে দেখা গেছে, সময় টিভির নাম ও লোগো ব্যবহার করে প্রচারিত ওই ফটোকার্ডটি সম্পাদিত বা এডিটেড। সময় টিভির ফেসবুক পেজ ও ওয়েবসাইটে খোঁজ করেও এমন কোনো ফটোকার্ড বা প্রধানমন্ত্রীর ২ কোটি টাকা অনুদানের ঘোষণার তথ্য পাওয়া যায়নি।
বরং ২৮ সেপ্টেম্বর সময় টিভির প্রকাশিত একটি ফটোকার্ডে বলা হয়েছিল, রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে জামায়াতে ইসলামী ৫০ লাখ টাকা অনুদান দেবে। প্রচারিত ভুয়া ফটোকার্ডটির লোগো ও শিরোনামের বেশির ভাগ অংশ ওই মূল ফটোকার্ডের সঙ্গে মিলে যায়। তবে মূল ফটোকার্ডে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের ছবি থাকলেও সম্পাদিত কার্ডে তারেক রহমানের ছবি বসানো হয়েছে।
এছাড়া অন্যান্য সংবাদমাধ্যমেও রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্র পুনর্নির্মাণে তারেক রহমান বা বিএনপির পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদানের কোনো ঘোষণা পাওয়া যায়নি।
অন্যদিকে, ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যসেবাকেন্দ্রটি পরিদর্শনের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদানের ঘোষণা দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সুতরাং, রাড্ডা স্বাস্থ্যসেবাকেন্দ্র পুনর্নির্মাণে বিএনপির পক্ষ থেকে ২ কোটি টাকা অনুদানের ঘোষণা এবং এ বিষয়ে তারেক রহমানের বক্তব্য দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া।

