
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ বাংলাদেশকে ‘মক্কা প্যাক্টে’ যোগ দেওয়া থেকে বিরত রাখার চেষ্টা করছে। একইসঙ্গে ভিডিওটিতে তাকে ভারত, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের একটি দেশকে নিয়ে বিকল্প প্রতিরক্ষা জোট গঠনের চেষ্টার কথাও বলতে শোনা যায়।
তবে অনুসন্ধানে দেখা যায়, প্রচারিত ভিডিওতে মাহফুজ আনামের কণ্ঠে শোনা বক্তব্যটি তার প্রকৃত বক্তব্য নয়। প্রকৃতপক্ষে, ২০২৪ সালের আগস্টে ইন্ডিয়া টুডে-কে দেওয়া তার একটি পুরোনো সাক্ষাৎকারের ভিডিও ব্যবহার করে তাতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে তৈরি অডিও সংযুক্ত করে আলোচিত ভিডিওটি তৈরি করা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ে ইন্ডিয়া টুডে-এর ইউটিউব চ্যানেলে ২০২৪ সালের ৮ আগস্ট প্রকাশিত মাহফুজ আনামের ১৪ মিনিট ৩ সেকেন্ডের সাক্ষাৎকারটি খুঁজে পাওয়া যায়। ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায়, সেখানে তিনি মূলত ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, শেখ হাসিনা সরকারের পতন এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ‘র’ বাংলাদেশকে ‘মক্কা প্যাক্টে’ যোগ দেওয়া থেকে বিরত রাখছে কিংবা ভারত-ইসরায়েলকে কেন্দ্র করে কোনো বিকল্প প্রতিরক্ষা জোট গঠনের চেষ্টা চলছে—এমন কোনো বক্তব্য তিনি দেননি।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিওটি বিশ্লেষণ করলে মাহফুজ আনামের ঠোঁটের নড়াচড়া ও শোনা বক্তব্যের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা যায়। পাশাপাশি ভিডিওতে ব্যবহৃত কণ্ঠস্বরও তার স্বাভাবিক কণ্ঠস্বরের তুলনায় অস্বাভাবিক ও কৃত্রিম বলে প্রতীয়মান হয়। এসব অসংগতি ভিডিওটির অডিও অংশ কৃত্রিমভাবে তৈরি বা পরিবর্তনের সম্ভাবনাকে নির্দেশ করে।
বিষয়টি আরও যাচাই করতে এআই কনটেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্ম Hive Detect-এ ভিডিওটির অডিও বিশ্লেষণ করা হলে সেটি এআই-নির্মিত হওয়ার সম্ভাবনা ৯৯ শতাংশ দেখায়। অর্থাৎ, ভিডিওটির দৃশ্য পুরোনো একটি বাস্তব সাক্ষাৎকার থেকে নেওয়া হলেও এর সঙ্গে যুক্ত অডিওটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বা পরিবর্তন করা হয়েছে।
ফলে ভিডিওটি দেখে মাহফুজ আনাম ‘মক্কা প্যাক্ট’, ‘র’ কিংবা বিকল্প প্রতিরক্ষা জোট নিয়ে আলোচিত বক্তব্য দিয়েছেন—এমন ধারণা করার কোনো ভিত্তি নেই। এটি মূলত একটি বাস্তব পুরোনো সাক্ষাৎকারকে ভিন্ন বক্তব্যের সঙ্গে কৃত্রিমভাবে সংযুক্ত করে তৈরি করা হয়েছে।

