
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিক আনিস আলমগীরের নামে দাবি করা হচ্ছে, তিনি বলেছেন, ‘আওয়ামী লীগকে আবারও ফেরাবে দেশের জনগণ, বাপের বেটা হলে ঠেকা।’ দাবিটির সমর্থনে তার বক্তব্যের কোনো ভিডিও, সাক্ষাৎকার কিংবা নির্ভরযোগ্য সূত্র উপস্থাপন না করেই একটি ফেসবুক পোস্টের মাধ্যমে মন্তব্যটি প্রচার করা হয়েছে।
অনুসন্ধানে দেখা যায়, আলোচিত মন্তব্যটি সাংবাদিক আনিস আলমগীর করেননি। দাবিটির উৎস হিসেবে প্রচারিত পোস্টে বক্তব্যটির কোনো নির্ভরযোগ্য সূত্র উল্লেখ নেই। প্রাসঙ্গিক কী-ওয়ার্ডে অনুসন্ধান করেও কোনো মূলধারার গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে আনিস আলমগীরের এমন মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। পাশাপাশি, তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ও সাম্প্রতিক বক্তব্য পর্যালোচনাতেও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব মেলেনি।
অন্যদিকে, যে ফেসবুক পেজ থেকে দাবিটির প্রচার শুরু হয়, সেটির পূর্ববর্তী কার্যক্রম পর্যালোচনা করেও বিভিন্ন ব্যক্তির নামে ভিত্তিহীন ও ভুয়া বক্তব্য প্রচারের নজির পাওয়া যায়। ফলে ওই পেজে প্রকাশিত দাবিটিকে নির্ভরযোগ্য তথ্যসূত্র হিসেবে গ্রহণ করার সুযোগ নেই।
পরবর্তীতে আনিস আলমগীরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও আলোচিত মন্তব্যটি তার নয় বলে নিশ্চিত করেন।
অর্থাৎ, সাংবাদিক আনিস আলমগীর ‘আওয়ামী লীগকে আবারও ফেরাবে দেশের জনগণ, বাপের বেটা হলে ঠেকা’ শীর্ষক কোনো মন্তব্য করেননি।

