সম্প্রতি মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কা`রাদ`ণ্ডপ্রাপ্ত প্রয়াত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা বোর্ডের সদস্য ডা. এস এম মোস্তফা জামানের ছবি ব্যবহার করে একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ফটোকার্ডটিতে জাতীয় দৈনিক ‘আমার দেশ’-এর লোগো ব্যবহার করে দাবি করা হয়, জামায়াত নেতা মাসুদ সাঈদী বলেছেন, “প্রাণঘাতী ইনজেকশন দিয়ে বাবার হ`ত্যাকারী, সেই ডাক্তারকে শেখ হাসিনার ফাঁ`সি`র জ`ল্লা`দ চাই।”
অনুসন্ধানে জানা যায়, মাসুদ সাঈদী এমন কোনো মন্তব্য করেননি এবং ‘আমার দেশ’ও এ ধরনের কোনো সংবাদ বা ফটোকার্ড প্রকাশ করেনি। প্রকৃতপক্ষে, ‘আমার দেশ’-এর ফটোকার্ডের ডিজাইন ও লোগো নকল করে আলোচিত ভুয়া ফটোকার্ডটি তৈরি করা হয়েছে।
আলোচিত ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে ‘আমার দেশ’-এর লোগো এবং ৯ আগস্ট ২০২৬ প্রকাশের তারিখ উল্লেখ রয়েছে। দাবিটির সত্যতা যাচাই করতে ওই তারিখসহ ‘আমার দেশ’-এর প্রকাশিত ফটোকার্ডগুলো পর্যালোচনা করা হয়।
অনুসন্ধানে ‘আমার দেশ’-এর ফেসবুক পেজে ওই তারিখে আলোচিত বক্তব্যসংবলিত কোনো ফটোকার্ড পাওয়া যায়নি। একইভাবে গণমাধ্যমটির ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মাসুদ সাঈদীর নামে প্রচারিত আলোচিত বক্তব্যের কোনো সংবাদ, ভিডিও বা প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি।
অন্যদিকে, আলোচিত ফটোকার্ডের সঙ্গে ‘আমার দেশ’-এর প্রকৃত ফটোকার্ডগুলোর ডিজাইনগত বৈশিষ্ট্য তুলনা করলে বোঝা যায়, গণমাধ্যমটির পরিচিতি ও নকশা ব্যবহার করে ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। ফলে ফটোকার্ডে ‘আমার দেশ’-এর লোগো ও ডিজাইন থাকলেও এটিকে গণমাধ্যমটির প্রকাশিত কনটেন্ট হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই।
এ ধরনের ভুয়া ফটোকার্ডে একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের লোগো ব্যবহার করায় সাধারণ পাঠকের কাছে মনগড়া বক্তব্যকে প্রকৃত সংবাদ হিসেবে বিশ্বাস করার বিভ্রান্তি তৈরি হতে পারে।
সুতরাং, “প্রাণঘাতী ইনজেকশন দিয়ে বাবার হ`ত্যাকারী, সেই ডাক্তারকে শেখ হাসিনার ফাঁ`সি`র জ`ল্লা`দ চাই” শীর্ষক মন্তব্য মাসুদ সাঈদী করেছেন এবং এটি ‘আমার দেশ’ প্রকাশ করেছে—এমন দাবিতে প্রচারিত ফটোকার্ডটি ভুয়া ও বানোয়াট।

